‘বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত/ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত!’ সুকান্ত ভট্টাচার্যের ‘উদ্যোগ’ কবিতার পঙ্ক্তিগুলো যখন দলগতভাবে বাচিকশিল্পীরা আবৃত্তি করছিলেন, তখন উপস্থিত কয়েক শ দর্শনার্থীর মধ্যে যেন ছড়িয়ে পড়ে পিনপতন নীরবতা। এ রকমই অসংখ্যবার দর্শনার্থীদের মধ্যে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিলেন সিলেটের সাংস্কৃতিক সংগঠন চারুবাকের আবৃত্তিকারেরা।
আর আবৃত্তিকারদের এ পরিবেশনা ছিল চারুবাকের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আবৃত্তিসন্ধ্যায়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের মুখ্য পরিচালক জ্যোতি ভট্টাচার্য এবং উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ফরিদা নাসরিন।
তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন শুভাশীষ ধর, দীপংকর দেব, চন্দ্রশেখর বড়ুয়া, অভিজিৎ প্রতাপ রায়, ফাতেমা রশীদ সাবা, তাজকিয়া সুলতানা বক্স, সুচিস্মিতা দাস, আমিনা বিনতে হোমেন, মোতাহারা জান্নাত চৌধুরী, আজমাইন ফাইয়াজ আহমেদ, নৈঋতা পাল, ঐন্দ্রিলা নাথ ঐষী প্রমুখ।