সিলেটে জমে উঠেছে জাতীয় নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনাঢ্য এক পরিবারে আশ্রিত কাজের ছেলে হারুন। হঠাৎ একদিন সে সবাইকে বলে বেড়ায়, ‘সব জেনে গেছি, সব বুঝে গেছি, মাস পয়লায় হাঁড়ি ফাটাব।’ এর পর থেকে একের পর এক ঘটতে থাকে মজার সব ঘটনা। পরিবারের সদস্যরা সবাই নিজেদের জীবনের অতীত, কুৎসিত ও অন্ধকার চরিত্রের দিকগুলো নিয়ে আতঙ্কিত হয়ে ওঠে। সবার মনে একটাই ভয়—হারুন কি তাহলে ওদের অতীত জেনে গেছে? এটাই কি সে এখন সবাইকে বলতে চাচ্ছে? এ নিয়েই ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক দর্পণ সাক্ষী নাটকটি। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট অডিটোরিয়ামে জাতীয় নাট্যোৎসবের তৃতীয় দিনে নাটকটি পরিবেশিত হয়। চন্দন সেনের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। নাটকের আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এজাজুল হক। আলোচনা করেন মীর জাহিদ হাসান, আবদুল ওয়াদুদ, আবদুল মতিন ভূঁইয়া। সভাপতিত্ব করেন সঞ্জয় নাথ আর সঞ্চালনা করেন রকিবুল হাসান।গতকাল দ্বিতীয় নাটক ছিল রাত পৌনে আটটায় ঢাকার মহাকাল নাট্য সমপ্রদায়ের অহম তমসায়। আনন জামানের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।