সিলেটে জাতীয় নজরুল সম্মেলন
সিলেটে দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। গতকাল শনিবার নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সিলেট মিলনায়তনে এ সম্মেলনে স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।সকালে শহরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নজরুল শোভাযাত্রা’ শুরু হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট মিলনায়তনে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং নজরুলবিষয়ক বক্তব্য দেন অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী, বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার প্রমুখ। বিকেলে সিলেট শিশু একাডেমীতে ‘শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসংগীত প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিশিষ্ট নজরুল গবেষক ও শিল্পীরা প্রশিক্ষণ দেন। সন্ধ্যা ছয়টায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।