সিলেটে নবশিখার ‘কবর’
মঞ্চজুড়ে রহস্যময় নীরবতা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যেন ভুতুরে পরিবেশ। কিছুক্ষণ পর হারিকেনের আবছা আলো-আঁধারিতে ভেসে ওঠে বেশ কয়েকটি কবর। এই কবরের পাশ ঘেঁষে হেঁটে আসেন হূষ্টপুষ্ট লম্বা গড়নের এক লোক। মঞ্চে এসেই ‘গার্ড! গার্ড!’ শব্দে প্রকম্পিত করে তোলেন চারপাশ। নীল কুর্তা-পাজামা পরা গার্ড হন্তদন্ত হয়ে দৌড়ে আসেন।এভাবেই শুরু হয় সিলেটের নবশিখা নাট্যদলের কবর নাটকের মঞ্চায়ন। এরপর ঘটনা এগোতে থাকে। কবর থেকে একের পর এক বের হয়ে আসে অশরীরী আত্মা। নানা বিচিত্র ঘটনার মধ্য দিয়ে একসময় নাটক শেষ হয়। মুনীর চৌধুরী রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরিদুল ফারদিন।নবশিখা নাট্যদলের অর্ধযুগপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার আয়োজক সংগঠন নাটকটি মঞ্চে এনেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী চৌধুরী, রকিবুল হাসান, তন্ময় নাথ, রোকসানা আক্তার, আবদুর রাজ্জাক খান, শরিফউদ্দিন, মো. শামসুল আলম, এ টি এম শামসুল হাসান, শাহান মোহাম্মদ তামজিদ, মিল্টন চন্দ্র দাশ ও গোলাম হায়দার।প্রদর্শনীর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন নাট্যাভিনেতা রফিকউল্লাহ সেলিম, তোফাজ্জল সোহেল, আফজাল হোসেন ও মো. আরিফুর রহমান রিপন।আজ বুধবার উৎসবের শেষ দিন সন্ধ্যায় ঢাকার লোক নাট্যদল মঞ্চস্থ করবে কুঞ্জুস। মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী।