সিলেটে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে রবীন্দ্র–নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো
সিলেটে রবীন্দ্র–নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশনা l ছবি: প্রথম আলো

সন্ধ্যা থেকেই টাপুর-টুপুর বৃষ্টি। দিগন্তের ওই বৃষ্টিহারা মেঘের দল জুটি বেঁধেই যেন জ্যৈষ্ঠের আকাশকে অন্ধকারের নাগপাশে আবদ্ধ করেছে। তাতে কী? উৎসুক দর্শকের সংখ্যা কিন্তু মোটেই কম ছিল না। তাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃষ্টিস্নাত হয়ে যেসব দর্শক এসেছিলেন, তাঁরা বেশ আনন্দ-উচ্ছ্বাসেই উপভোগ করলেন ‘রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী’ উৎসব।
শনিবার সন্ধ্যা সাতটায় সিলেট নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমী মিলনায়তনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসব শুরু হয়। একাডেমীর প্রশিক্ষণার্থীদের ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ এবং ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনা ছিল শুরুতে।
নৃত্যের পরপরই শিল্পী প্রতীক এন্দ গাইলেন ‘দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি’। শিল্পী নেভী তালুকদার গাইলেন ‘আমার নয়নে নয়ন রাখি’। গানের ফাঁকে ফাঁকে চলে রবীন্দ্র-নজরুল নিয়ে আলোচনা। দলীয় ও একক পরিবেশনায় মাতিয়ে তোলেন সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা এবং আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী ও জ্যোতি ভট্টাচার্য্যরা।