সিলেটে হাউসফুল ‘গেরিলা’
গত মঙ্গলবার সিলেটের রিকাবীবাজারের সিলেট অডিটোরিয়ামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘গেরিলা চলচ্চিত্র উত্সব’। সম্মিলিত নাট্যপরিষদ সিলেট আয়োজিত এ চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী প্রদর্শনী শুরু হয় বেলা সাড়ে তিনটায়। গেরিলা চলচ্চিত্র উত্সবের প্রথম দিন থেকেই দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জানা গেছে, নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রটি দেখতে উত্সবের প্রথম দিন থেকেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এমনকি প্রদর্শনী শুরু হওয়ার অনেক আগেই আবার প্রবেশপত্র শেষ হওয়ার মতো ঘটনাও ঘটেছে। উত্সবের সমন্বয়ক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাসিম ও গেরিলা চলচ্চিত্রের নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ। রিকাবীবাজারের সিলেট অডিটোরিয়ামে ২১ মে পর্যন্ত ‘গেরিলা চলচ্চিত্র প্রদর্শনী’টি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট অডিটোরিয়ামের টিকিট কাউন্টারে অগ্রিম প্রবেশপত্র পাওয়া যাচ্ছে।