সিলেটে ‘রানওয়ে’ দেখতে উপচে পড়া ভিড়
সিলেট মিলনায়তনে রানওয়ে চলচ্চিত্রের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে বৃহস্পতিবার। ছবিটি দেখতে প্রথম দুই দিন ছিল উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন মানবাধিকার-কর্মী সুলতানা কামাল। শুভেচ্ছা বক্তব্য দেন চলচ্চিত্রটির পরিচালক তারেক মাসুদ। পরে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।সুলতানা কামাল বলেন, ‘ভালো একটি চলচ্চিত্র দেখতে অনেক তরুণ-যুবক ছুটে এসেছেন। হলভর্তি তরুণ প্রজন্ম দেখে আমি আশান্বিত। তাই গর্ব করে বলতেই পারি, বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’ তারেক মাসুদ বলেন, ‘আমি সত্যিই গর্বিত। প্রথম দিনেই দর্শকদের ভিড় আমাকে উচ্ছ্বসিত করেছে।’রানওয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তারেক মাসুদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর প্রদর্শিত হচ্ছে। গতকাল শুক্রবার চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শেষ দিনেও একই সংখ্যক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।