সিসিমপুরের খুদে নির্মাতারা
সহদেব আর রত্না, ভাইবোন। ওদের বাবা একজন কুমার, নানান জিনিসপত্র গড়েন মাটি দিয়ে। একদিন কাদা-মাটি দিয়ে দুটি পুতুল বানাল ওরা। একটার নাম দিল ওরা মণি আরেকটার নাম রনি। পুতুল বানানো তো হলো, সহদেবের প্রশ্ন, ‘এখন ওরা থাকবে কোথায়, তাই না?’ সমাধানও খুঁজে বের করল আট-নয় বছর বয়সী ছেলেটা, ‘তাই আমরা এবার মাটি দিয়ে ওদের জন্য ঘর বানাব।’ যেমন কথা তেমন কাজ। মাটি দিয়ে ছোট ছোট চারটি হাত দিয়ে ওরা তৈরি করে ফেলল চমৎকার একটি ঘর! ঘরে আবার সে কী কারুকাজ, রুচির প্রশংসা না করে উপায় নেই। কেবল রুচিই নয় মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান যে খুব জরুরি—ওরা তা অবচেতনেই দেখিয়ে দিল; ঘরের চালের ওপর বসিয়ে দিল সুন্দর দুটি পাখি। ব্যস, হয়ে গেল মণি আর রনির জন্য সহদেব-রত্নার মাটির ঘর। ডলস হাউস নামের এক প্রামাণ্যচিত্রতেই আছে এমন অপূর্ব গল্প আর চলমান ছবি। দৈর্ঘ্য খুব বড় নয়, মোটে আড়াই মিনিটের মতো। খুদে এই প্রামাণ্যচিত্রের কারিগরও কিন্তু খুদে এক নির্মাতা। নাম তার অনিক সাহা। কেবল অনিকই নয়, আমরা দেখা পেয়েছিলাম তার মতো আরও ১৫ খুদে নির্মাতার। সিসিমপুরের কথা বললে নতুন করে আর কিছু বলা নিশ্চয়ই বাতুলতা হবে। তো এই সিসিমপুরে র অন্যতম এক অংশ হলো গ্রামীণ প্রামাণ্যচিত্র। মজার বিষয়, এই প্রামাণ্যচিত্রগুলো তৈরি করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার সপ্তম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। বাংলাদেশের শিশুদের জন্য সিসিমপুর তৈরি করে নয়নতারা কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রামাণ্যচিত্র বিভাগ খুদে নির্মাতাদের সবকিছু শিখিয়ে পড়িয়ে নেয় এক কর্মশালার মধ্য দিয়ে। এ বছরও কর্মশালা থেকে বাছাই করা ১৫ জনকে দিয়ে তারা তৈরি করিয়েছেন প্রামাণ্যচিত্র। সেই উপলক্ষে ৪ জুলাই খুদে নির্মাতাদের হাতে তুলে দেওয়া হলো সনদ। এবার সনদ পেল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঊর্মি সরকার, সামিউল হুদা, সুকন্যা চাম্বুগং, ইসরাত জাহান ও অনিক সাহা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তাসনিম সেমন্তী, আশেকা জাহান, আছিয়া খাতুন ও জি.এম. তুষার। পটুয়াখালীর দশমিনা উপজেলার সনদপ্রাপ্তদের মধ্যে ছিল সাকিরা নূর, রাইয়াতুল জান্নাত, অদিতি বসু, সুলতানা রাজিয়া, তরিকুল ইসলাম ও শারমিন আক্তার। এই ১৫ জন নির্মাতার ১০টি প্রামাণ্যচিত্র দেখেছি আমরা। বিষয়-বৈচিত্র্য আর অকৃত্রিম রূপ-রস-ঘ্রাণে ভরপুর একেকটি চিত্র। সরল দৃষ্টিভঙ্গি, প্রকৃতির অতি সামান্য বিষয়েও রাজ্যের আনন্দ খুঁজে পাওয়া—শিশু বাদে আর কারও পক্ষে সম্ভব নয়, তা হলফ করে বলা যায়। যেমন কাইট অব হিউস লিভসের কথাই ধরা যাক। খেজুর গাছের গায়ে জন্মায় পরগাছা হিউস। হিউসের পাতা দিয়েও যে চমৎকার একটা ঘুড়ি বানানো যায়; এবং বন্ধুদের ঘুড়ির পাশেও যে তা দিব্যি উড়তে পারে, তা এই প্রামাণ্যচিত্রতে উঠে এসেছে নিপুণভাবে। সবচেয়ে বড় কথা হিউস পাতার ঘুড়ি ওড়ানোর পরে শিশুটির মুখে যে রাজ্য জয়ের হাসি, তা ক্যামেরায় বন্দী করে রাখাও কম বড় কথা নয়। দশটি প্রামাণ্যচিত্র দেখে একটা উপলব্ধিতে আসা যায়—শিশুর চোখ দিয়ে দেখলে পৃথিবী একটা আনন্দের খনি।সনদ পাওয়ার আনন্দে ভাসছিল নির্মাতাদের একজন ঊর্মি সরকার। বড় হয়ে ছোটদের জন্য এমন আরও অনেক কাজ করার স্বপ্ন এখন ওর চোখে, ‘প্রামাণ্যচিত্রগুলো তৈরি করার সময় খুউব মজা পেয়েছি। সিসিমপুরের কাছ থেকে তো অনেক কিছু শিখেছি। বড় হয়ে ছোটদের জন্য আরও অনেক অনেক কাজ করতে চাই আমি।’