সিয়াটল চলচ্চিত্র উৎসবে 'আন্ডার কনস্ট্রাকশন'

চলচ্চিত্রনির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত দ্বিতীয় ছবি আন্ডার কনস্ট্রাকশন এ বছর সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে। উৎসবের মূল প্রতিযোগিতা ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগেও নির্বাচিত হয়েছে আন্ডার কনস্ট্রাকশন। গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে এমনটাই জানালেন রুবাইয়াত হোসেন।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে ১৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রুবাইয়াত হোসেন ৭ জুন সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া ৬ ও ৭ জুন আন্ডার কনস্ট্রাকশন ছবির প্রদর্শনীতে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও তিনি অংশ নেবেন।
সিয়াটল চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চার শতাধিক ছবি প্রদর্শিত হয়। উৎসবে হাজির হন বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীরা। উৎসবে অংশ নেওয়া ছবি থেকে দর্শক জরিপের ভিত্তিতে বিভিন্ন বিভাগে গোল্ডেন স্পেস নিডল পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া উৎসবের মূল প্রতিযোগিতা ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা প্রতিশ্রুতিশীল নবীন পরিচালকদের নতুন ধারার ১২টি ছবি নির্বাচন করা হয়। দেওয়া হয় জুরিদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার। ড্যানি বয়েল, অ্যাং লি, রাইডলি স্কট, রিচার্ড লিংকলেটার, নিকি কারোসহ অনেক পরিচালক নবীন অবস্থায় এ উৎসবের মাধ্যমে সবার নজর কেড়েছিলেন।
সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের পটভূমিতে নির্মিত হয়েছে আন্ডার কনস্ট্রাকশন ছবিটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শাহানা গোস্বামী, রাহুল বোস, বাংলাদেশের মিতা চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহাদত হোসেন, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ। ছবির আবহসংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। খনা টকিজ প্রযোজিত ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী ৩১ জুলাই।