সিয়াটল চলচ্চিত্র উৎসবে 'প্যারাডাইস'

‘মাটির প্রজার দেশে’ কাহিনিচিত্রের নির্মাতা বিজন ইমতিয়াজ ও প্রযোজক আরিফুর রহমান বানাচ্ছেন প্রামাণ্যচিত্র প্যারাডাইস। সিয়াটল চলচ্চিত্র উৎসবে ‘ওয়ার্কস-ইন-প্রগ্রেস’ (চলমান কাজ) ফোরামে ছবিটি নির্বাচিত হয়েছে। সারা বিশ্বের নির্মাণাধীন ছবি থেকে মাত্র চারটি ছবি এই বিভাগে স্থান পেয়েছে।
যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে ৪৪ তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ) শুরু হয়েছে ১৭ মে। শেষ হচ্ছে আজ। তাৎপর্যপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে প্রতিবছর দুটি কাহিনিচিত্র ও দুটি প্রামাণ্যচিত্রকে বাছাই করা হয়। এ বছর প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে প্যারাডাইস। এই বিভাগে আরও নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ছবি গুড ওল গার্ল। কাহিনিচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে ইসরায়েলের দুটি ছবি-দ্য ড্রাইভ ও হ্যাংগিং।
৭ জুন এসআইএফএফ ফিল্ম সেন্টারে প্যারাডাইস প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক বিজন ইমতিয়াজ। আরেক পরিচালক আরিফুর রহমান ভিসা জটিলতায় যেতে পারেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘উৎসবে বেশ সাড়া পাওয়া গেছে। প্রদর্শনীর পর প্রায় দেড় ঘণ্টার প্রশ্নোত্তর পর্বে অনেক আন্তর্জাতিক প্রযোজনা সংস্থা, পরিচালক ও ছবিসংশ্লিষ্ট মানুষজন চলচ্চিত্রটি নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন।’
আরিফুর জানান, ‘উৎসবে ছবিটির ৫৫ মিনিট দেখানো হয়েছে। এর দৈর্ঘ্য ১৮০ মিনিটের মতো হবে।’
প্যারাডাইস নির্মিত হচ্ছে মূল থেকে উৎখাত হওয়া তিনজন মানুষের গল্প নিয়ে। এঁদের একজন সেন্ট মার্টিন দ্বীপের এক মধ্যবয়স্ক বাসিন্দা, যাঁর পূর্বপুরুষ এসেছিলেন এই দ্বীপে, অথচ তিন পুরুষ পরেও এখনো তাঁর কোনো স্থায়ী ঠিকানা নেই। আরেকজন ১৬ বছরের একজন রোহিঙ্গা মেয়ে, যে মিয়ানমার সেনার আক্রমণে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছে। তৃতীয়জন হলো ১২ বছরের একটি ছেলে, যে দ্বীপের মধ্যে বেড়ে উঠছে ভবিষ্যতের নিশ্চিত অনিশ্চয়তা নিয়ে।
উল্লেখ্য, বিজন পরিচালিত ও আরিফুর প্রযোজিত মাটির প্রজার দেশের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ২০১৬ সালে ৪২ তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।