সিয়াটলে পুরস্কার জিতল 'শুনতে কি পাও'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার যুক্তরাষ্ট্রের সিয়াটল দক্ষিণ এশিয়া উত্সবে অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড জিতল কামার আহমাদ সাইমনের শুনতে কি পাও। গত ৩০ অক্টোবর শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলা এবারের উত্সবে তথ্যচিত্র বিভাগে আমন্ত্রিত মোট ১৮টি ছবির মধ্যে দর্শকপ্রিয়তায় শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতে নেয় শুনতে কি পাও।
উৎসব পরিচালক রিতা মেহের শুনতে কি পাও ছবির পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীনকে মেইলে লিখেছেন, ‘নিশ্চিতভাবেই এটা এবারের উৎসবে আমার সবচেয়ে পছন্দের ছবি। আমি আরও আনন্দিত যে এটা দর্শকদের সবচেয়ে পছন্দের ছবির পুরস্কারটাই পেয়েছে!’
বিশ্বের অন্যতম প্রাচীন প্রামাণ্য উত্সব ডক-লাইপজিগে উদ্বোধনী রাতের ছবি ছিল শুনতে কি পাও। এযাবৎ মোট ৩০টি আন্তর্জাতিক উত্সবে আমন্ত্রিত ও ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হলো শুনতে কি পাও ছবিটি।