সীমানা পেরিয়ে: আস্থায় ও মিলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ক সাহিত্য উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ছবি: প্রথম আলো
সার্ক সাহিত্য উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: প্রথম আলো

দক্ষিণ এশিয়ার বিশিষ্ট লেখক আর সাহিত্যানুরাগীদের মিলনমেলা বসেছে জাতীয় জাদুঘরে। উৎসবমুখর পরিবেশ আলোচনায়-আবৃত্তিতে, ভাষা ও সীমানার দূরত্ব ঘুচিয়ে সৃষ্টি হয়েছে সাহিত্যের হার্দিক মেলবন্ধন। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনের সার্ক সাহিত্য উৎসব। উৎসবের স্লোগান ‘সীমানা পেরিয়ে: আস্থায় ও মিলনে’। আয়োজন করেছে রাইট ফাউন্ডেশন। সার্ক দেশগুলোর ৩০ জন আমন্ত্রিত সাহিত্যিক এতে অংশ নিচ্ছেন।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবের উদ্বোধন করে বলেন, ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্য-সংস্কৃতি-ভাষা বিবেচনায় সার্ক দেশগুলো একসূত্রে গাঁথা। জাতিতে জাতিতে মেলবন্ধন সৃষ্টিতে সাহিত্য-সংস্কৃতির মানুষেরাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন।
শেখ হাসিনা বলেন, ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই এ দেশের দামাল ছেলেরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে প্রাণ দিয়েছিল। একুশের রক্ত ভেজা পথ ধরেই বাঙালি জাতীয়তাবাদের উত্থান, আমাদের হাজার বছরের সাংস্কৃতিক পরিচয়ের নবজাগরণ। তিনি বলেন, জীবনমুখী সাহিত্যই পারে মানুষকে হিংস্রতা ও হানাহানির অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে। দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলতে তিনি একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে লাইসা আহমেদ লিসার গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্যে রাইট ফাউন্ডেশনের সভাপতি সেলিনা হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাহিত্য ও সংস্কৃতির বিনিময়, অনুবাদের মাধ্যমে সাহিত্যকর্মকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নিবিড় করে তোলার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার ফাউন্ডেশনের সভাপতি অজিত কোর তাঁর বক্তব্যের আগে প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। প্রধানমন্ত্রী তখন বলেন, ১৯৭৫ সালে যখন তাঁর বাবা-মাসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল, তখন তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে দিল্লিতে ছিলেন। অজিত কোর ছিলেন তাঁর নিকট প্রতিবেশী। সেই দুঃসময়ে তিনি নানাভাবে সান্ত্বনা দিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন।
অজিত কোর তাঁর বক্তৃতায় বলেন ‘ঔপনিবেশিক শাসকেরা কেক কাটার মতো করে বাংলা ও পাঞ্জাবকে কেটে ভারত ভাগ করেছিল। এটি ছিল ঐতিহাসিক ভুল। এই অঞ্চলের মানুষের খাদ্য, পোশাক, ভাষা, সংস্কৃতি, আবেগ, আনন্দ, বেদনার অনুভূতি ও তার প্রকাশ অভিন্ন। তিনি বলেন, একমাত্র বাংলাদেশের মানুষই ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। এই দেশে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে সৃজনশীলতার বিকাশ ও মানুষের মনোজগতে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ শামসুল হক, ধন্যবাদ জানান রাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুবিনা হক। উৎসবে সহায়তা করছে দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় উৎসবের কার্যক্রম। প্রথম দিনে সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অভী সুবেদী, রবি শংকর বাল, সুকৃতা পাল কুমার, কমলা বিজেরত্নে, ইব্রাহিম ওয়াহিদ প্রমুখ।
পরে নিয়াজ জামানের সভাপতিত্বে সাহিত্য বিষয়ে আলোচনায় অংশ নেন সুকৃতা পাল, মফিদুল হক, সেলিনা হোসেন, হোসাং মার্চেন্ট ও রেফাকাত আলী খান। শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ পড়েন এম এ নুহ্মান, বাল বাহাদুর থাপা, প্রকাশ সুবেদী ও শিব রিজাল। এসব আলোচনার প্রধান বিষয় ছিল দেশভাগ এবং সাহিত্যে এর প্রভাব।
সৈয়দ বদরুল আহসানের সঞ্চালনায় সার্ক অঞ্চলের ইতিহাস নিয়ে অংশ নেন সৈয়দ শামসুল হক ও সমরেশ মজুমদার। শেষে ছিল কামাল চৌধুরীর সভাপতিত্বে কবিতা পাঠ। আজ দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে নয়টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।