সীমানা পেরিয়ে নাম-গোত্রহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামগোত্রহীন নাটকে অপি করিম ও পান্থ শাহরিয়ার
নামগোত্রহীন নাটকে অপি করিম ও পান্থ শাহরিয়ার

ঢাকার নাট্যমঞ্চে এক বিরল আয়োজন নামগোত্রহীন মান্টোর মেয়েরা। পাকিস্তান-বংশোদ্ভূত উপমহাদেশের বিখ্যাত গল্পকার সাদাত হোসেন মান্টো, ভারতের খ্যাতনামা নির্দেশক-অভিনেত্রী ঊষা গাঙ্গুলী আর বাংলাদেশের অন্যতম নাট্যদল নাগরিক নাট্যসম্প্রদায় এক বিন্দুতে মিলিত হয়েছে এখানে। দর্শক হিসেবে আমাদের আগ্রহ ওই বিন্দু কী করে মঞ্চে সচল বৃত্ত হয়ে মিলনায়তনের সীমানা পেরোয়, তাতে। নাটকের শুরুতে পর্দা উঠতেই দেখা যায়, মঞ্চজুড়ে বিষাদময় কালো রং আর তার গায়ে গায়ে লেপ্টে আছে রুপালি আভা। একি মহররমের কালো রাতের গায়ে রুপালি চাঁদ? মঞ্চের কেন্দ্রীয় এলাকা থেকে তিন জোড়া ডানা যেন উড়ে যেতে প্রস্তুত আকাশপানে, চারপাশ তার কাঁটাতারে ঘেরা। এ যেন তিন পাখি, তিন প্রাণ, উল্টো করে রাখা তিনটি সালোয়ার অথবা তিনটি দেশ ঘনিষ্ঠ হবার অবকাশ খুঁজে নিয়েছে এক শাসনহীন ভূমিতে। এখানে কারও কোনো অধিকার নেই, এখানে ভেতরটার কথা নির্দ্বিধায় অকপটে বলা যায়। এই ভূমি নাট্যমঞ্চ। ঊষা গাঙ্গুলী এই মঞ্চে সাদাত হোসেন মান্টোর তিনটি গল্পের নাট্যরূপায়ণের মাধ্যমে তিন সাধারণ নারী চরিত্র সুলতানা, নীতি ও সুগন্ধীর তালাশ করেছেন, যারা কোনো একটি নির্দিষ্ট দেশের নয়, সারা পৃথিবীর, বিশেষত উপমহাদেশের। জীবনে সংকটের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ পরিচয়ে অতি সাধারণভাবেই বাঁচতে চেয়েও যারা প্রচলিত সুবিধাবাদী ব্যক্তি, ভোগবাদী সমাজ ও দায়িত্বহীন রাষ্ট্রের কবলে পড়ে যৌনকর্মীর সনদ পায়, বিনিময়ে সবকিছু দিয়ে একাকিত্বের যন্ত্রণা নিয়ে জীবিত লাশ হয়ে বেঁচে থাকে শুধু, সেই ভূলুণ্ঠিত মানবিকতার প্রান্তিক গল্প বলেছেন মান্টো, এঁকেছেন ঊষা আর ক্যানভাস মেলে ধরেছে নাগরিক।

নামগোত্রহীন নাটকে সারা যাকের
নামগোত্রহীন নাটকে সারা যাকের

‘কালি সেলোয়ার’ গল্পে সুলতানা চরিত্রে এবং নাটকজুড়ে সূত্রধার রূপে প্রাঞ্জল অভিনেত্রী অপি করিমের চমৎকার জুড়ি মিলেছে খোদাবক্স চরিত্রে পান্থ শাহরিয়ার ও শংকর চরিত্রে রাজীব দের। এই গল্পে নিদারুণ সংকটকালে অলস ও কর্মবিমুখ স্বামী এবং প্রবঞ্চক ও স্বপ্নবাজ এক পুরুষের কোপের অনলে পোড়ে সুলতানার দেহ থেকে মন—সব। তবে এই পর্বের পরিধি খানিকটা ঘন করা যেতে পারে কি না, তা নির্দেশকের চলমান প্রক্রিয়ার অংশ হবে নিশ্চিত। ‘লাইসেন্স’ গল্পে নীতি চরিত্রে শ্রিয়া সর্বজয়া ও আবদুল চরিত্রে মোস্তাফিজ শাহীনের তারুণ্যময় উপস্থিতির সঙ্গে গল্পের প্রবহমান গভীরতা স্পর্শ করে যায়। স্বামীর হাজতবাস ও মৃত্যুর পর বিধবা নীতির বেঁচে থাকার সংগ্রামের মনোবল হাহাকারে পরিণত হয়। শহর কমিটি নীতিকে রাস্তায় ঘোড়ার গাড়ি চালানোর অনুমোদন দেয় না নারী বলে, কিন্তু যৌনকর্মীর সনদ হাতে ধরিয়ে দেয় এক লহমায়। নাটকের শেষ গল্পে দর্শকের চোখ ও মন স্থির হয় ‘হাতাক’ গল্পের সুগন্ধী চরিত্রে সারা যাকেরের মঞ্চ উপস্থিতিতে। দীর্ঘ বিরতির পর মঞ্চে সারা যাকের! একজন পেশাদার ও পরিণত যৌনকর্মীর চরিত্রায়ণে তিনি দেহ-কণ্ঠ-মনসহকারে তুমুলভাবে উপস্থিত হন শ্লেষ আর শ্লাঘা নিয়ে। নাটকজুড়ে অভিনেত্রীদের আঙুল আর চোখ যেন দর্শকের আসন ছুঁয়ে মিলনায়তন অতিক্রম করে।
সুগন্ধীর কণ্ঠনিঃসৃত বাক্য প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ে, ‘ওর সামনে দাঁড়াতাম, সমস্ত কাপড় ছিঁড়ে ওর সামনে দাঁড়াতাম আর বলতাম, যা যা চাইছিস সব নিয়ে যা। কিন্তু যেটা আমার ভেতরের, যেটা আমি, সেটা তুই তো কি, তোর বাপও কিনতে পারবে না।’
ঊষা গাঙ্গুলীর নির্দেশনায় সঞ্চয়ন ঘোষের মঞ্চ পরিকল্পনা, অশোক প্রামাণিকের আলো, সাজিয়া আফরোজের পোশাক, এবিএস জেমের দ্রব্য ও শুভাশীষ দত্ত তন্ময়ের রূপসজ্জাকে যিনি আবহসংগীতে অর্থবহ ও মধুর করে তুলেছেন, তিনি সদ্যপ্রয়াত এ কে আজাদ।