সীমানা পেরোনো তরুণ নির্মাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ থেকে নির্মাতা কামার আহমাদ সাইমন, সারা আফরীন, রুবাইয়াৎ হোসেন, ইশতিয়াক জিকো ও আবু শাহেদ ইমন
বাঁ থেকে নির্মাতা কামার আহমাদ সাইমন, সারা আফরীন, রুবাইয়াৎ হোসেন, ইশতিয়াক জিকো ও আবু শাহেদ ইমন

বিশ্ব সিনেমা-অঙ্গনের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি ছবির প্রদর্শনী শুরু হয় মূলত সূর্যদীঘল বাড়ি ছবিটি দিয়ে। ২০০০ সালের পর তারেক মাসুদের মাটির ময়না ও আবু সায়ীদের নিরন্তর ছবির পর এ ধরনের প্রদর্শনী বাড়তে থাকে। সেই সময়টাতেই দেশের বাইরে থেকে বাংলা ছবি পেতে শুরু করে সুনাম ও সম্মান।
এসব কিছুর কৃতিত্বই বাংলার তৎকালীন তরুণ নির্মাতাদের। গোলাম রাব্বানী বিপ্লব তাঁর প্রথম সিনেমা স্বপ্নডানা নিয়ে অংশ নিয়েছেন বিশ্বের অনেক মর্যাদাকর উৎসবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ৪০টির বেশি উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। প্রথম সারির সেসব উৎসবের মধ্যে বলতে গেলে আসবে রটারডাম, টরন্টো, দুবাই, সংহাই, ওয়ারশো, গোয়ার উৎসবের নাম। জায়গাগুলো থেকে সম্মান এনেছে ছবিটি।
প্রথম ছবি শুনতে কি পাও দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেন তরুণ নির্মাতা কামার আহমাদ সাইমন। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলছিলেন, ‘প্রথম ছবির প্রথম প্রদর্শনী হয়েছিল বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক উৎসবের প্রথম রাতে। নতুন বার্লিন বলা হয় যাকে, সেই জার্মানির লাইপজিগের মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলাম। পেছনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পর্দায় আমারই প্রতিচ্ছবি, সামনে সারা বিশ্বের আমন্ত্রিত বাছাইকৃত ১ হাজার ২০০ বিদগ্ধ দর্শক। এরপর প্যারিসে “সিনেমা দ্যু রিল”-এ জিতেছি “গ্রাপ্রি”, মুম্বাইয়ে “স্বর্ণশঙ্খ”, ঘুরে বেরিয়েছি সারা পৃথিবীতে। কিন্তু প্রথম প্রদর্শনীর কথা মনে করলে এখনো শিহরিত হই, এককথায় সেই অনুভূতি প্রথম চুম্বনের মতো।’ এযাবৎ বিশ্বের নানা শহরে ৭৫টির বেশি প্রদর্শনী হয়েছে শুনতে কি পাও ছবির।
২০১৪ সালে মুক্তি পায় আবু শাহেদ ইমনের সিনেমা জালালের গল্প। ২০০৯ সালে সিডনি ফিল্ম স্কুলের আ হোমমেড লাভ স্টোরি নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে তাঁর উৎসবযাত্রা। পরে দ্য কনটেইনার নামে আরেকটি চলচ্চিত্র বুসান চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান শর্ট কম্পিটিশন’সহ ৩০টির বেশি উৎসবে প্রদর্শিত হয়। কিন্তু জালালের গল্প দিয়েই খোলে তাঁর অর্জনের খাতা। বুসান উৎসবের ‘নিউ কারেন্টস’ প্রতিযোগিতায় দেখানো প্রথম বাংলাদেশি ছবি এটি। ছবিটি দেখার পর উৎসবের জুরিপ্রধান ইরানি নির্মাতা আসগর ফারহাদি জুরি প্রটোকলের বাইরে এসে নিজের ভালো লাগার কথা জানান নির্মাতাকে। সেই থেকে শুরু। এরই মধ্যে জালালের গল্প দেখানো হয়েছে ২৫টির বেশি গুরুত্বপূর্ণ উৎসবে। জিতেছে ১০টি আন্তর্জাতিক পুরস্কার।
আরও কয়েকজন তরুণ নির্মাতা তাঁদের ছবি নিয়ে গেছেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবে। প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের, প্রদর্শন করেছেন নিজেদের ছবি এবং কুড়িয়েছেন প্রশংসা। এই নির্মাতারা হলেন মোস্তফা সরয়ার ফারুকী, রুবাইয়াৎ হোসেন, আবদুল্লাহ মোহাম্মদ সাদ, আশরাফ শিশির, ইশতিয়াক জিকো প্রমুখ।