সীমান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়ক থেকে বেশ কয়েক কিলোমিটার রাস্তা। একটু পরেই হাতের বাঁয়ে পড়েছে ফাল্গুন শুটিং স্পট। ফাল্গুন মাস বলেই চারদিকে গাছে গাছে ফুল। পাখির কিচির-মিচির শব্দ। চমত্কার এক দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই পূবাইলের ফাল্গুন শুটিং স্পটে হাজির হলাম। এখানে বদরুল আনাম সৌদ নির্মাণ করছেন সীমান্ত নাটক। তখন মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়া হয়েছে। শুটিং স্পট থেকে মেঠোপথ ধরে হেঁটে আসছেন সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, বন্যা মির্জা, জিতু আহসান, সাজু খাদেম। প্রায় ৭০ বছর হবে, এক বৃদ্ধ এ সময় বাড়ির বাইরে এলেন। চিত্রলেখা গুহকে দেখে সালাম দিলেন। বললেন, ‘আমি আপনার ভক্ত। ছোডোবেলা থাইকাই আপনার নাটক দেখি।’ চিত্রলেখা হেসে তাঁর জবাব দিয়ে চলে এলেন। খাবারের টেবিলে বসে বললেন, ‘বুড়োলোকটা বলে কী? আমাকে নাকি ছোটবেলা থেকে টিভিতে দেখে? তার মানে কী আমার বয়স ১৭০। হাসির রোল পড়ে যায়।’ওয়াহিদা মল্লিক জলি ভালো অভিনেত্রী, এটা সবারই জানা। তবে তিনি যে ভালো রাঁধুনি এবং ভোজন রসিক তা সেদিন জানা গেল। বাসা থেকে দইয়ের তৈরি সালাদ, ফুলকপি দিয়ে তৈরি নানা রকমের খাবার নিয়ে শুটিং স্পটে এসেছেন তিনি। সেগুলো পরিবেশন করলেন চমত্কারভাবে। সবার আগে পরিচালকের খাওয়া শেষ হলো। অন্যদের তাড়াতাড়ি শেষ করার তাগিদ দিলেন। বন্যা অবশ্য খেলেন না। কেউ একজন বললেন, ‘মোটা হওয়ার ভয়ে তাঁরা যে কীভাবে আত্মাকে কষ্ট দেয়; সাজু ও জিতুর অবশ্য এসব নিয়ে কোনো ভাবনা নেই। বেশ আরামে খাবার খেয়েই উঠলেন তাঁরা।নাটক প্রসঙ্গে জানতে চাইতেই সৌদ বললেন, ‘নাটকটি ময়মনসিংহ অঞ্চলের গফরগাঁওয়ের একটি পরিবারকে নিয়ে। যে পরিবারের বড় ছেলে আজমত মারা গেছে। তার সম্পত্তি কে পাবে—এ নিয়ে গল্প। আজমতের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু পরে জানতে পারে আজমত মৃত্যুর আগে হেবা করে তার স্ত্রীর নামে সব সম্পত্তি দিয়ে গেছে। কিন্তু আজমতের ভাই আজগর এটা মানে না। এ নিয়ে পুরো পরিবারেই কলহ শুরু হয়।’তিনি জানান, নাটকের ২৬ পর্বের শুটিং চলছে। নাটকে গফরগাঁও অঞ্চলের ভাষা ব্যবহার করা হচ্ছে। গফরগাঁওয়ের সংলাপ সঠিকভাবে বলার জন্য শিল্পীদের প্রতিটি দৃশ্যের আগে একাধিকবার মহড়া করে নিতে হচ্ছে।সুবর্ণা মৃত আজমতের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। বললেন, ‘সাধারণত গ্রামে একটি পরিবারের প্রধান ব্যক্তি মারা গেলে যে সমস্যাগুলো দেখা দেয়, এ নাটকে সেটি তুলে ধরেছেন পরিচালক। এখানে শিল্পীরা, আমরা চেষ্টা করছি সেই বিষয়গুলো তুলে ধরতে।’জিতু সুবর্ণার দেবরের চরিত্রে অভিনয় করছেন। পরিস্থিতির কারণেই বয়সের তারতম্য থাকলেও সুবর্ণাকে বিয়ে করতে হয়। জিতু বললেন, ‘এ ধরনের চরিত্রে আমি প্রথম কাজ করছি। খুবই মজার চরিত্র। আর এখন আমরা যে পর্বগুলোর কাজ করছি, সেগুলো দর্শকদের কাছে বেশ ভালো লাগবে।’চিত্রলেখা গুহ জানালেন, তিনি এই পরিবারের মেঝ বউয়ের চরিত্রে অভিনয় করছেন। দীর্ঘদিন থেকেই বিয়ে হয়েছে কিন্তু তাঁরা নিঃসন্তান। এ কারণে স্বামী এক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সেই যৌনকর্মীকে বাড়িতে নিয়ে আসে এবং স্ত্রীর মর্যাদায় রাখে। একসময় মেয়েটি সন্তানসম্ভবা হয়।ওয়াহিদা মল্লিক জলি আজমতের মায়ের চরিত্রে অভিনয় করছেন। পরিবারের কলহ তাঁকে কষ্ট দেয়। সবাইকে নিয়ে ভালোভাবেই তিনি পরিবার পরিচালনা করতে চান। বললেন, ‘কাজ করতে বেশ ভালো লাগছে। একটা পরিবারের হয়ে আমরা কাজ করছি। সেই সঙ্গে বলতে পারেন, কাজটা সবাই বেশ উপভোগ করছি।’সৌদ জানালেন, ক্যামেরা প্রস্তুত, একটা মহড়া করব আমরা। দৃশ্যে অংশ নিয়েছেন সুবর্ণা ও ওয়াহিদা মল্লিক জলি। জলি খুবই চিন্তিত। সুবর্ণা বললেন, ‘আম্মা আফনের না বয়স হইছে। এত চিন্তা করলে চলব?’ জলি কিছু একটা বলতে গেলেন। সৌদ আবার নতুন করে সংলাপটি বললেন। এরপর তাঁরা চলে গেলেন একটি মাটির ঘরে। লাইট...ক্যামেরা...অ্যাকশন। বেলা পড়ে এসেছে। শুটিং চলতে থাকল। এক, দুই, তিন এমনি করে একটির পর একটি দৃশ্য ধারণ করে চললেন সৌদ।