সীমান্ত পেরিয়ে 'সীমান্তরেখা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মোকাম্মেল
তানভীর মোকাম্মেল

গোদরেজ ইন্ডিয়া কালচারাল ল্যাব আয়োজন করে ‘মিউজিয়াম অব মেমরিজ: রিমেম্বারিং পার্টিশন’ শীর্ষক এক অনুষ্ঠানের। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে ফিরে দেখা হয় ৭০ বছর আগের দেশভাগের সেই যন্ত্রণার কথা। ছোট এক সংগ্রহশালায় সাজিয়ে তোলা হয় দেশভাগের সময়কার নানা টুকরো টুকরো স্মৃতি। দুই দেশের মধ্যে রাজনৈতিক সীমারেখা গড়ে তোলার সময় কারও ঠাকুরদা বা কারও ঠাকুরমা বুকে আঁকড়ে কিছু স্মৃতি নিয়ে দেশ ছেড়েছিলেন, সেসব সামগ্রী দিয়ে যত্নভরে সাজিয়ে তোলা হয় এই সংগ্রহশালাটি।

অনুষ্ঠানের তৃতীয় দিনে বাংলাদেশের খ্যাতিমান চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলের দেশভাগের ওপর আসন্ন তথ্যচিত্র সীমান্তরেখার প্রদর্শনের আয়োজন করা হয়। যদিও ছবিটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সীমান্তরেখার মাধ্যমে উঠে আসে ভারত-বাংলাদেশ বিভাজনের সময় দুই দেশের মানুষের চরম যন্ত্রণার কথা। দুই দেশের মানুষ এখন কেমন আছে? দেশভাগের পর এতগুলো বছর কেটে গেছে, আজও দুই দেশের মানুষের দুচোখ বেয়ে নেমে আসে জলের ধারা। কারওবা গলায় শোনা যায় চাপা আর্তনাদ। দেশ পারাপারের সময় কিশোরী ফেলানীর শরীর গুলিতে ঝাঁঝরা করে দেয় বিএসএফ। এখনো তার মা-বাবা বিচারের অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। প্রাণের ভয়ে জীবনের শেষ সম্বলটুকু সঙ্গী করে একখণ্ড কাপড় অঙ্গে জড়িয়ে পূর্ব বাংলা থেকে লাখো মানুষ এপারে চলে আসে। আজ তারা মাথার ওপর এক টুকরো ছাদ হয়তো পেয়েছে। কিন্তু ৭০ বছরের আগের সংগ্রাম আজও তাদের শেষ হয়নি।

এই রকম টুকরো টুকরো নানা ছিন্নভিন্ন ঘটনা উঠে এসেছিল সীমান্তরেখার মাধ্যমে। এদিন শুধু বাঙালি নয়, ঠাসা অডিটরিয়ামে ছিল পাঞ্জাবি, গুজরাটি, সিন্ধি, মারাঠিসহ ভিন্ন ভাষাভাষীর মানুষ। তবু সীমান্তরেখাকে বুঝে ওঠার জন্য ভাষা তাদের অন্তরায় হয়নি। সীমান্তরেখার হাহাকার ছড়িয়ে পড়ে গোটা অডিটরিয়ামে।