সীমান্ত পেরোনো মানুষের গল্প 'দ্য ডার্ক শিপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিজ সীমান্ত পেরিয়ে মানুষের অন্য দেশে অভিবাসন, ভূমি ও জলসীমায় মানব পাচারের অনেক প্রসঙ্গই চাপা পড়ে যায়। উত্তর ইরাকের পর্বতমালা থেকে বার্লিনে আমলাতন্ত্র ও মসজিদগুলোতে মতাদর্শিক বিশ্বাসের কারণে মানুষের যে অভিবাসন, সেসব কাহিনির ওপর জার্মান সাহিত্যিক সেরকো ফাতাহর থ্রিলারধর্মী রাজনৈতিক উপন্যাস ‘দ্য ডার্ক শিপ’।

গতকাল শনিবার সন্ধ্যায় বইটির ইংরেজি সংস্করণ নিয়ে রাজধানীর গ্যেটে ইনস্টিটিউটে হয়ে গেল আলোচনা সভা। আলোচনায় অংশ নেন তানভীরুল হক, সৈয়দ বদরুল আহসান, শিরীন শেখ মাইনুদ্দীন, জ্যাকি কবীর, মাসরুকা নুসরাত, নিয়াজ জামান, অসফা হোসেনসহ আরও অনেকে।

‘দ্য রিডিং সার্কেল’-এর (টিআরসি) সহযোগিতায় এ সাহিত্য আলোচনার আয়োজন করে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ। সমকালীন জার্মান সাহিত্যিক সেরকো ফাতাহ দারুণ জনপ্রিয় একজন সাহিত্যিক। তাঁর এই উপন্যাসটিতে জার্মান তথা ইউরোপের সমসাময়িক বিষয়গুলো প্রতিফলিত হয়েছে।

একটি নির্বাচিত বই নিয়ে প্রতি মাসে একবার আলোচনার আয়োজন করে এই পাঠচক্রটি। তাতে স্থান পায় বিভিন্ন দেশের লেখকদের মূল বা অনূদিত সাহিত্যকর্ম। তিন বছর ধরে সাহিত্যে অবদানের জন্য তাঁরা একজন বাংলাদেশি লেখককে স্বীকৃতি দিয়ে আসছে। এ ছাড়া ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগিতায় ও টিআরসির আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন অমিতাভ ঘোষ, মনি শংকর ও অরুণা চক্রবর্তীর মতো লেখকেরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে ‘দ্য রিডিং সার্কেল’।