
দিন দিন পেশাদার যাত্রার মঞ্চায়ন সীমিত হয়ে আসছে। ক্রমেই কমে আসছে দলের সংখ্যাও। আর এই অবস্থার সৃষ্টি হয়েছে লাইসেন্স প্রথা বাতিলের পর থেকে। দলের লাইসেন্সের বদলে এখন নিবন্ধন নিতে হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে। ২০১২ সালে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা পাসের পর শিল্পকলা একাডেমি ৮৮টি দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে। তার মধ্যে চলতি সময় পর্যন্ত নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে গেছে ১৬টি দলের। অনেক দলের মালিক নিবন্ধনের জন্য মনোনীত হয়েও সনদ গ্রহণ করেননি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির তথ্যমতে, হাতে গোনা কয়েকটি দল নিবন্ধন নবায়নের আবেদন করেছে। তবে তা এখনো বিবেচনাধীন। ধারণা করা হচ্ছে, এই মৌসুমে সীমিত সংখ্যক দল সংগঠিত হতে পারবে।
৬ ফেব্রুয়ারি শ্রীকৃষ্ণের রথযাত্রার দিন থেকে যাত্রাগানে নতুন মৌসুমের শুভসূচনা হয়েছে। সেই সূচনালগ্নেও তেমন সাড়া মেলেনি দলের মালিকদের। মাত্র কয়েকটি দলের নয়া মৌসুম আনুষ্ঠানিকতার খবর পাওয়া গেছে। ফলে এই শিল্পের উন্নয়ন, অবক্ষয় রোধ, চর্চার পরিবেশ সৃষ্টি আর সমকালীন শিল্প-সংস্কৃতির পরিমণ্ডলে যাত্রাধারাকে সম্পৃক্ত করার যে লক্ষ্য নিয়ে সরকার যাত্রাশিল্প নীতিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছিল, সে উদ্দেশ্য সফল হচ্ছে না। ফলে যাত্রা ক্রমেই যেমন সীমিত হয়ে আসছে, তেমনি এর নান্দনিক চর্চা নিয়েও প্রশ্ন উত্থাপিত হচ্ছে।