সুইটহার্টের অপেক্ষায় রিয়াজ

অনেক দিন ধরে ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত নন এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ। কিছুদিন আগে একটিমাত্র ছবির শেষ করেছেন। ‘সুইটহার্ট’ নামের এই ছবিটির পরিচালক ওয়াজেদ আলী সুমন। নতুন এই ছবির মুক্তি ও ফলাফল দেখার পরই নতুন চলচ্চিত্রে কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে প্রথম আলোকে জানালেন রিয়াজ।
‘সুইটহার্ট’ ছবিতে রিয়াজ অভিনয় করেছেন অতিথি চরিত্রে। এই ছবির প্রধান দুই অভিনয়শিল্পী বাপ্পি ও মিম।
রিয়াজ বলেন, ‘ছবির গল্পটি খুব মজার। আমার চরিত্রের উপস্থিতি অল্প সময়ের হলেও বেশ গুরুত্বপূর্ণ। চরিত্রের গুরুত্বের কথা ভেবে ছবিটিতে অভিনয় করলাম।’
ইদানীং অনেক নতুন পরিচালকের কাছ থেকে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন বলেই জানালেন রিয়াজ। বললেন, ‘অনেকেই আমার সঙ্গে নতুন ছবির ব্যাপারে যোগাযোগ করছেন। কিন্তু এখনই সবাইকে হ্যাঁ করতে চাচ্ছি না। ‘‘সুইটহার্ট’’ ছবির ফলাফল দেখে তারপরই আবার নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নেব।’
২০০৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার খেতাব জয়ের পর ‘রহস্যময়ী’ নামে একটি নাটকে রিয়াজের সঙ্গে প্রথম অভিনয় করেছিলেন মিম। আর ‘সুইটহার্ট’ ছবির মধ্য দিয়ে এবারই প্রথম তাঁরা দুজন একসঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করলেন।
চলচ্চিত্রে অভিনয় না করলেও এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ কিন্তু ঠিকই অভিনয় করে যাচ্ছেন। রিয়াজকে এখন ছোটপর্দার ব্যস্ত একজন অভিনেতা বলা যেতে পারে। এবার ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে অভিনয়ও করেছেন তিনি।
নাটকে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করে রিয়াজ বললেন, ‘আমাদের দেশে কিন্তু শত প্রতিকূলতার মাঝে ভালো ভালো নাটক হচ্ছে। নির্মাতারা খুব কম বাজেটের মধ্যে চেষ্টা করছেন অনেক ভালো নাটক নির্মাণের। পরিচালক নিজে কষ্ট করে, অভিনয়শিল্পীদের কষ্ট দিয়ে একটা ভালো কাজের জন্য প্রতিনিয়ত লড়ছেন। ফিল্মের এক বা দুই দিনের বাজেট দিয়ে নাটকের নির্মাতারা একটি পূর্ণাঙ্গ নাটক বানাচ্ছেন। নির্মাতাদের এসব পরিশ্রম আমাকে মুগ্ধ করে।’