সুইডিশ পায়রা জিতে নিল স্বর্ণ সিংহ
এটা কি কমেডি? এটা কি ট্র্যাজেডি? নাকি একটা ঐতিহাসিক অস্তিত্ববাদী নাটক? মনে হয় না সুইডিশ পরিচালক রয় অ্যান্ডারসনের উদ্ভট পরাবাস্তববাদী সিনেমাটা দেখে কেউই তা ঠিকমতো ঠাহর করতে পারছিলেন! তবে এটা ঠিক যে, অনেকেরই হয়তো মনে হচ্ছিল তাঁরা একটা নতুন মাস্টারপিস দেখছেন। অবশ্য ভেনিসের জুরিরা এ বিষয়ে একমত যে এটাই সেরা। তাই শনিবার অ্যান্ডারসনের ‘আ পিজন স্যাট অন আ ব্রাঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিসটেন্স’ই ৭১তম ভেনিস চলচ্চিত্র উত্সবের সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘স্বর্ণ সিংহ’ বা গোল্ডেন লায়ন জিতে নিয়েছে।

এদিকে, এবারের আসরের সেরা পরিচালকের পুরস্কার সিলভার লায়ন পেয়েছেন রাশিয়ার আন্দ্রেই কনকালোভস্কি। ‘দ্য পোস্টম্যানস হোয়াইট নাইটস’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পান তিনি। গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ডেনমার্কে বসবাসরত মার্কিন পরিচালক জোশুয়া ওপেনহাইমারের ‘দ্য লুক অব সাইলেন্স’ চলচ্চিত্রটি। আর সেরা অভিনেতা ও অভিনেত্রীর দুটো পুরস্কারই এসেছে ইতালীয় পরিচালক সাভেরিও কোস্তানজোর ‘হাংরি হার্টস’ চলচ্চিত্র থেকে। যথাক্রমে অ্যাডাম ড্রাইভার ও আলবা রোরভাচার এ পুরস্কার পান।
এবারের ভেনিস চলচ্চিত্র উত্সবের জুরিদের প্রধান ছিলেন আলেক্সান্দ্রে দেসপ্লাত। সদস্য ছিলেন জোয়ান চেন, ফিলিপ গ্রুইনিশ, জেসিকা হাউসনার, ঝুম্পা লাহিড়ি, স্যান্ডি পাওয়েল, টিম রথ, এলিয়া সুলেইমান এবং কার্লো ভারদোনে। তাঁদের সবাই প্রতিযোগিতায় স্থান পাওয়া ২০টি চলচ্চিত্র দেখে এই আসরের পুরস্কার ঘোষণা করেন।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, রয় অ্যান্ডারসনের সুইডিশ পায়রার ‘স্বর্ণ সিংহ’ জয়কে বিবেচনা করা হচ্ছে ‘মানুষ হিসেবে বাঁচার একটা ত্রয়ী গল্পের’ শেষাংশ হিসেবে। সুইডিশ এই পরিচালকের ২০০০ সালের ‘সংগস ফ্রম দ্য সেকেন্ড ফ্লোর’ এবং ২০০৭ সালের ‘ইউ, দ্য লিভিং’ চলচ্চিত্রের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘আ পিজন স্যাট অন আ ব্রাঞ্চ রিফ্লেক্টিং অন এক্সিসটেন্স’। অ্যান্ডারসনের এ ছবির কৌতূহল উদ্দীপক ধরনকে ব্যাখ্যা করতে গিয়ে সমালোচকেরা একে ইংমার বার্গম্যানের চলচ্চিত্র থেকে শুরু করে আমেরিকান কমেডি সিনেমায় লরেল ও হার্ডির যুগল চরিত্রের কৌতুক পর্যন্ত বহু কিছুর সঙ্গেই তুলনা করেছেন।

পরাবাস্তববাদী এই চলচ্চিত্রের আখ্যান রচিত হয়েছে মোট ৩৯টি দৃশ্যের সমাহারে। এতে দুই বিষাদগ্রস্ত বিক্রয়কর্মীকে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম আধুনিক নগর গোথেনবুর্গে ইতস্তত ঘোরাঘুরি করে বেড়াতে দেখা যায়। তবে, সিনেমার মাঝামাঝিতে ফ্ল্যাশব্যাকে সুইডেনে ১৯৪০ দশকের এক স্যালুনে এবং ১৮ শতকে সুইডেনের রাশিয়া আগ্রাসনের দৃশ্য দেখা যাবে। দেখা যাবে যে অকস্মাত্ একটা ক্যাফেতে মহা ক্ষিপ্ত হয়ে রাজা সপ্তম চার্লস সব পুরুষকে বন্দী করে নিয়ে যেতে এবং নারীদের রাস্তায় ছুড়ে ফেলতে নির্দেশ দিচ্ছেন।