সুইডেনের চিঠি-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রো স্টেশনে ভিখারি
মেট্রো স্টেশনে ভিখারি

৬ ডিসেম্বর ২০১৬

জানালার মোটা পর্দাটা সরিয়ে দিলে আলো এসে ভরে দেবে ঘর—এ রকমটাই ভেবেছিলাম। কিন্তু একি! এ যে রাতের চেয়েও আঁধার হয়ে আছে চারদিক। আলো জ্বলছে ল্যাম্পপোস্টে, রাস্তায় গাড়ি চলছে আলো জ্বালিয়ে। এই তাহলে সকাল আটটা!
আজ মঙ্গলবার সকালে সূর্য থাকবে—এ রকম আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। কিন্তু স্টকহোমের ঘুমই তো ভাঙছে না কিছুতেই!
একটু সংশয়ের মধ্যে আছি। ম্যাপ একটা আছে হাতে, কিন্তু সে ম্যাপ দেখে দিক ঠিক করে নেয় কার সাধ্য! আমার অবস্থা হয়েছে গাঁয়ের সেই লোকটার মতো, জীবনে প্রথম ঢাকায় এসে সবকিছু গুলিয়ে ফেলেছেন! কারওয়ান বাজারে দাঁড়িয়ে বলছেন, ‘ভাই, কারওয়ান বাজারে কীভাবে যাব?’
গতকাল হাঁটতে হাঁটতে যে মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম, তার নাম স্তানসতুল। কিন্তু এরপর কী করে কোথায় যাব, তা আগেভাগে ঠিক করতে না পারলে সর্বনাশ। দুপুর দুইটায় একটা সংবাদ সম্মেলন আছে নোবেল মিউজিয়ামে। ঠিক চিনে যেতে না পারলে বিপদে পড়ব। তাই তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম। আগে তো রাস্তা চিনি, তারপর অন্য ভাবনা।
বের হওয়ার ঠিক আগে ফেসবুকে নক করল ফাতেমা-তুজ-জোহরা! সুইডেনে থাকে মেয়েটি। এবিসি রেডিওতে কাজ করত একসময়। উচ্চারণ বিষয়ে ক্লাস নিয়েছিলাম ওর। আজই ওর সুইডিশ ভাষার ওপর পরীক্ষা, তাই আসতে পারবে না। তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়েই সময় কাটাতে হবে। কিন্তু ওর কাছ থেকে খুব সহজে জেনে নেওয়া গেল উদ্ধারের পথ। বেশ বাধ্য মেয়ের মতো ও বুঝিয়ে দিল, কাল যে মেট্রো স্টেশনে গিয়েছিলাম আমি, সেখানেই সাত দিনের জন্য বাস-কম্যুটার ট্রেন, ফেরি ইত্যাদির টিকিট কিনে ফেলতে পারব। তবে ও বুদ্ধি দিল, প্রথমে ৭৫ মিনিটের জন্য একদিনের একটি টিকিট কিনে তারপর সাত দিনের টিকিট করতে। তাতে প্রাথমিক ভ্রমণ শেষে ওরিয়েন্টেশন ঠিক হয়ে যাবে। মেট্রোয় ঢোকার মুখেই কাচের ঘরে একজন থাকবেন। তিনি সাহায্য করবেন। এরপর কীভাবে টি-সেন্ত্রালিয়েন আর গ্যামলা স্তানে যেতে হবে, সে পথও দিল বাতলে। টি-সেন্ত্রালিয়নে ডলার ভাঙিয়ে ক্রোনার করা যাবে।
ফাতেমাকে বলি, ‘তুই না বলে দিলে আমি খেই হারিয়ে ফেলতাম!’
মেট্রো

নোবেল মিউজিয়ামের মাথায় সোনালি আলো
নোবেল মিউজিয়ামের মাথায় সোনালি আলো

আবার হাঁটাপথ। মেট্রো স্টেশনে গিয়ে ঠিকই পেয়ে যাই টিকিটঘর। ভদ্রমহিলাকে বলি, ‘আমাকে একবারের টিকিট দেবেন?’
তিনি খুবই বিনয়ের সঙ্গে বলেন, ‘এখানে সে টিকিট নিতে হলে ৫০ ক্রোনার লাগবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও, প্রেসব্যুরো আছে। ওখানে কিনলে কম দামে পেয়ে যাবে।
তাঁর কথামতো ওপরে গিয়ে একটু খুঁজতেই পেয়ে গেলাম তা। সত্যিই টিকিটের দাম রাখা হলো ২৬ ক্রোনার। একটু অবাকই হলাম। এই মহিলা চাইলেই নিজে ৫০ ক্রোনারে বিক্রি করতে পারতেন টিকিট বা পাস। কিন্তু তিনি নিজের কথা না ভেবে আমার কথা ভেবেছেন!
মস্কোর মেট্রোর সঙ্গে স্টকহোমের মেট্রোর তুলনা করা যাবে না। মস্কোর মেট্রোস্টেশনগুলো একেকটা জাদুঘর যেন। আর তা মাটির অনেক গভীর দিয়ে চলে। তবে তুলনা এক জায়গায় করা যাবে—দুই শহরের মেট্রোই দারুণ পরিষ্কার-পরিচ্ছন্ন।
মেট্রোতে উঠে ফাতেমার কথামতো চার স্টেশন পরেই টি-সেন্ত্রালিয়নে নেমে গেলাম। স্টেশন থেকে বের হতেই বোঝা গেল পুরোনো শহরে এসে পড়েছি। পুরোনো কিন্তু আভিজাত্যপূর্ণ। এলাকাটি সম্পর্কে পড়ে যতটুকু জেনেছিলাম, তাতে বুঝতে পারছিলাম, গ্যামলা স্তানটিও হবে এরই মতো।
এই কনকনে শীতের হাওয়ার মধ্যেই এক ভিখারি নারীকে দেখতে পেলাম। সর্বাঙ্গ কম্বল-চাদরে ঢেকে সামনের দিকে বাড়িয়ে রেখেছে বাটিসমেত হাত। ভিক্ষা করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম, কিন্তু ধাবমান মানুষ তাঁকে দেখছে বলে মনে হলো না।
মেট্রোতে যারা উঠেছিল, তাদের বেশির ভাগের কানেই ইয়ার ফোন। মোবাইল ফোন এখানে সবার জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। কেউ কথা বলছে, কেউ ওয়েবসার্চ করছে। সুইডিশ মানুষদের সঙ্গে কথা চালিয়ে যাওয়া নাকি খুব কঠিন। তাঁরা ভীষণ অন্তর্মুখী বলে বদনাম আছে। কিন্তু কারও কাছে সহযোগিতা চাইলে তাঁরা বিনাবাক্যে বাড়িয়ে দেন সাহায্যের হাত। খুবই বিনয়ের সঙ্গে বুঝিয়ে দেন কোথায় কীভাবে যেতে হবে। দেড় দিনেই অন্তত সাতজন মানুষের সাহায্য চেয়েছি, কেউ ফিরিয়ে দেননি।
টি-সেন্ত্রালিয়েন থেকে বেরিয়ে একটি পুরোনো বাড়ি দেখে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকি। শুধু বাড়িটা আমাকে হতবাক করেনি, বাড়ি আর রাস্তার মধ্য দিয়ে যে অদ্ভুত আলো ভেসে আসছিল, সেটাই বিস্ময়ের কারণ। সূর্য তবে উঠল! রাত আর নেই তবে! সূর্য উঠল যদিও, কিন্তু শীতের প্রকোপ একটুও কমল না।
নোবেল মিউজিয়াম

টি-সেন্ত্রালিয়নের একটি বাড়ির পাশ দিয়ে আলো। অবশেষে সূর্য উঠল!
টি-সেন্ত্রালিয়নের একটি বাড়ির পাশ দিয়ে আলো। অবশেষে সূর্য উঠল!

গ্যামলা স্তান মেট্রো স্টেশন থেকে বের হয়ে একজনের নির্দেশনামতো যখন নোবেল মিউজিয়ামের দিকে এগোচ্ছি, তখন সত্যিই মনে হলো এবার আমি অন্য এক স্টকহোমে চলে এসেছি। এ একেবারেই পুরোনো এলাকা। সরু সরু ইটের রাস্তা। সে রাস্তা ধরেই পৌঁছে যাওয়া যায় নোবেল মিউজিয়ামে। সকালের সোনালি আলো এসে মিউজিয়ামের চুড়োয় এসে স্থবির হয়েছে। ভালো লাগছে। খুব ভালো লাগছে। এই সেই বিখ্যাত নোবেল মিউজিয়াম। এখানেই আর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন হবে। ২০১৬ সালের নোবেল বিজয়ীরা যেসব শিল্পনিদর্শন দান করেছেন নিলামের জন্য, তা নিয়েই থাকবে প্রেস বিফিং।
এবার মোটামুটি ‘শিক্ষিত’ মানুষের মতো ফিরে আসি নিজ অস্থায়ী আবাসে। লেখাটি তৈরি করি। জানি, আরেকটু পর আবার যেতে হবে নোবেল মিউজিয়ামে।

আরও পড়ুন: