সুইডেনের চিঠি: ৫ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ কি বলবে এই গভীর রাত মানে বিকেল সাড়ে চারটা!
কেউ কি বলবে এই গভীর রাত মানে বিকেল সাড়ে চারটা!

লেখায় ডুবে ছিলাম। শেষ করে জানালার দিকে তাকিয়ে আমি হকচকিত। আরে! ঘড়ি বলছে সাড়ে তিনটা, অথচ আকাশ কালো করে সন্ধ্যা ঝাঁপিয়ে পড়েছে স্টকহোমের রাস্তায়! এই তাহলে ব্যাপার!

আরল্ন্ডা এয়ারপোর্ট থেকে স্টকহোমে বাসে লাগল ৪০ মিনিট। তখনই আকাশটাকে দেখে মায়া হলো। দিগন্তে ঠাঁই নিয়েছে সূর্য, যেন গোধূলি বেলা। রাস্তায় জনমানুষ বলে কিছু নেই। কিলোমিটারের পর কিলোমিটার জনবিরল। শুধু রাস্তার দুধার দিয়ে ধাবমান গাড়ি।
পরিচ্ছন্ন এবং বিশাল বাসটা চলা শুরু করতেই বেশ দূরত্বে থাকা দুটি আসনে বসে যে দুটি মানুষ ফোনে কথা বলতে লাগলেন, তাঁরা রুশ। অবাক হলাম পথের প্রায় পুরোটাই তাঁরা ফোনে কথা বলে কাটিয়ে দিলেন। একজন মধ্যবয়স্ক নারী ফোনে কত যে কথা বললেন, তার ইয়ত্তা নেই। বাড়ির শিশুটিকে গরম জলে গোসল করানো থেকে শুরু করে বাজার থেকে কেনা গাজর বের করে রাখা, মাংসটা নামিয়ে রাখার কথা শুনে বোঝা গেল, তিনি বাড়ি ফিরেই রান্না করবেন। আর অন্য যে ছেলেটি ফোনে কথা বলছিল, তার কণ্ঠস্বর ছিল একেবারে নরম। প্রেমে পড়েছে ও, বোঝা গেল। ‘রুশ ভাষা জানি’—এটা জাহির না করে চুপচাপ বসে রইলাম। হাতে স্টকহোমের ম্যাপ, কিন্তু তার কিছুই বুঝতে পারছি না। রাস্তার নাম আছে বটে, কিন্তু বাস-মেট্রো কোথায় কোন পথে যায়, তা একনজরেই বুঝে ফেলব, ব্যাপারটা তত সহজ নয়।
বাস টার্মিনালে থামার পর তথ্যকেন্দ্রে গেলাম হোটেলে পৌঁছানোর নিশানা পেতে। কিন্তু যা বুঝলাম, তাতে মেট্রো, বাস ধরে হোটেলে আসতে কম্ম কাবার হয়ে যাবে। অগত্যা রাস্তায় নেমে একটা ট্যাক্সি পেয়ে হোটেলের ঠিকানা বলায় রাজি হয়ে গেলেন ট্যাক্সি ড্রাইভার। তিনি হোটেলটা চেনেন।
একটু কথা চালাই তাঁর সঙ্গে, ‘আপনি ঠিক চেনেন তো?’
হাসলেন বুড়ো। ‘চিনি চিনি। না চিনলে তোমাকে নিতাম না।’
‘কত দূর এখান থেকে?’
‘এই তো পাঁচ কিলোমিটার হবে।’
‘তাহলে দু শ ক্রোন চাইলেন কেন?’
‘এর কমে তো যেতে পারব না।’
‘নোবেল মিউজিয়ামটা কোথায়?’
‘কাছাকাছি।’
‘হেঁটে যাওয়া যায়?’
‘আমি ইংরেজিতে খুব কাঁচা। সব বুঝতে পারি না।’
‘ও। আপনি কোন দেশে থেকে এসেছেন?’
‘গ্রিস।’
‘কত দিন?’
‘তেতাল্লিশ বছর আগে। আমার জীবনের অনেকটা সময় এখানেই কাটল।’
ট্যাক্সি বিদায় করার সময় যেভাবে ‘ধন্যবাদ’ বললেন, তাতে মন ভরে গেল।
এদিকে মেইল এসেছে নোবেল সংলাপে অংশ নেওয়া বিষয়ে। আমি কারও সাক্ষাৎকার নিতে চাই কি না, তা জানতে চেয়ে মেইল করেছেন নোবেল উইক ডায়ালগের মারিয়া ভন কনোউ। তাঁকে মেইলের উত্তর দিয়ে, অফিসের জন্য লেখা পাঠিয়ে জানালায় দাঁড়ানো এবং বিকেলেই রাতকে দেখে ফেলা।
বিকেলের স্টকহোম
বলছি বিকেল, কিন্তু রাতের অন্ধকার ততক্ষণে স্টকহোমকে চেপে ধরেছে। স্যান্ডো গেঞ্জির ওপর শার্ট, তার ওপর সোয়েটার, তার ওপর জ্যাকেট চাপিয়ে বের হলাম পথে। রিসেপশনের সুন্দরী মেয়েটার জায়গায় এখন এক সুপুরুষ। ম্যাপ দেখিয়ে বললাম, ‘টাকা ভাঙাব। কোন দিকে যাব?’
ভদ্রলোক ম্যাপে নির্দিষ্ট করে দাগ দিয়ে দিলেন।
সাড়ে চারটায় রাস্তায় নামতেই কনকনে ঠান্ডা বাতাস আমাকে ফিরিয়ে নিয়ে গেল ছাত্রজীবনে। সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করার সময় শীতকালটা ছিল এমন।
পেটে কিছু ফেলতে হবে। রাস্তায় চোখ রাখতেই একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল। পথচারীরা যে গতিতে হাঁটছে, তাকে প্রায় দৌড়ই বলা যায়। বয়স্ক মানুষ অথবা স্থূলকায় মানুষ ছাড়া সবাই ছুটছে ঝড়ের গতিতে। আমাদের দেশে এই গতিতে কেউ রাস্তায় হাঁটে না। ঠান্ডা বেশি বলেই কি হাঁটার গতি বেশি? হতে পারে।
জ্যাকেট বা ওভারকোট ছাড়া কাউকে দেখিনি। সবার মাথায় টুপি নেই। এক তরুণকে দেখলাম, টুপি তো পরেছেই, হাতমোজা পরতেও ভোলেনি।
রাস্তার দুই পাশে দোকান। কত ধরনেরই না দোকান! গরম পাউরুটি আর বেকারির জিনিসপত্র নিয়ে গড়ে ওঠা দোকানের পাশেই আছে পিৎজার দোকান। সেটা ছাড়ালেই সেলুন। এরপর শরীরচর্চা। তিনজন মধ্যবয়সী নারী সেখানে শারীরিক কসরত করছেন। কাচের দেয়াল থাকায় সেটা নজরে পড়ল। এরপর আছে কম্পিউটারের দোকান। আবার খাবার দোকান। সাইকেলের দোকান। এভাবে নানা রকম দোকান একটার পর একটা। দোকানগুলো দৃষ্টিনন্দন।
যে পথে হাঁটছিলাম, সেটা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে কি না, তা নিয়ে নিজের মনেই প্রশ্ন আসায় এক তরুণকে থামালাম। এসব ব্যাপারে তরুণেরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
‘আচ্ছা, আমাকে বলতে পারেন, এই পথে গেলে কি ম্যাকডোনাল্ড পাব?’
‘হ্যাঁ, আপনি ঠিক পথেই এগোচ্ছেন। সামনে চৌরাস্তা। সেখানে গিয়ে আন্ডারপাস দিয়ে বাঁয়ের রাস্তা ধরবেন। কিছু দূর এগোলেই পেয়ে যাবেন ম্যাকডোনাল্ডস।’
‘আপনাকে অনেক ধন্যবাদ।’
ছেলেটা এগিয়ে গিয়ে আবার ফিরে এল। বলল, ‘ম্যাকডোনাল্ডের আগেই একটা মল আছে। সেখানে অনেক খাবারের দোকান। পৃথিবীর সেরা শেফরা এসব দোকানে রান্না করে। ১০ ইউরো হলেই পেটপুরে খাওয়া যায়। ওটাও খেয়ে দেখতে পারেন।’ বলে নিজের পথে চলে গেল ছেলেটা।
চৌরাস্তা পেলাম, পার হয়ে বাঁ দিকেও গেলাম। কিন্তু কোথায় ম্যাকডোনাল্ড। রাস্তার মোড়ে একটা টার্কিশ কাবাবের দোকান। তাতে যে খাবারগুলো আঁকা আছে, তা জিবে জল আনার জন্য যথেষ্ট। স্টকহোমে খাবারের নাম নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমরা ম্যাকডোনাল্ড খুঁজি কম দামে খাব বলে। নইলে যেকোনো রেস্তোরাঁয় ঢুকলে যে দাম চাওয়া হবে, তা বাংলাদেশি টাকায় বদলে নিলে মাথা ঘুরে যাবে। কিন্তু মজা এখানেই। বিদেশি খাবারের দোকানগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে কম। ইতালিয়ান পিৎজা আর বিগ ম্যাক, ফ্রেঞ্চ ফ্রাই আর কোকের প্যাকেজের দাম প্রায় একই রকম।
আন্ডারপাস দিয়ে রাস্তা পার হওয়ার পর ভুলপথে এগোলাম। সামনে ‘এম’ লেখা আছে ঠিকই, কিন্তু সেটা একটা আসবাবের দোকান। তখন আবার আরেক তরুণের শরণাপন্ন হতে হলো। ও বলল, ‘পেছনে গিয়ে ডান দিকে খানিকটা গেলেই পেয়ে যাবে ম্যাকডোনাল্ডস।’
পেয়ে গেলাম। ৭৯ ক্রোনে বিগ ম্যাক প্যাকেজ কিনলাম।
আমার কিন্তু মনে হচ্ছিল গভীর রাতে আমি ঘুরে বেড়াচ্ছি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটি দেশে। কিন্তু ভিড় বলছে, যাকে আমরা রাত বলি, তা আসতে অনেক দেরি। এখন কেবল বিকেল পাঁচটা!

আরও পড়ুন: