সুইস চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের তিনটি ছবি নিয়ে উৎসব আয়োজন করেছে সুইজারল্যান্ড দূতাবাস। ধানমন্ডির গ্যাটে ইনস্টিটিউট মিলনায়তনে তিন দিনের এই উৎসব শুরু হচ্ছে ৭ ডিসেম্বর। উৎসবের তিনটি ছবিই তৈরি হয়েছে জার্মান ভাষায়। সঙ্গে থাকছে ইংরেজি সাবটাইটেল। উৎসবের প্রথম দিন দেখানো হবে দ্য ব্ল্যাক ব্রাদার্স। ঊনবিংশ শতাব্দীর পটভূমিতে নির্মিত এই ছবিতে আছে কয়েকজন শিশুশ্রমিকের গল্প। তারা ইতালিতে চিমনি পরিষ্কারের কাজ করে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে একসময় তারা সুইজারল্যান্ড ফিরে আসে। দ্বিতীয় দিন দেখানো হবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সুইস তথ্যচিত্র মোর দ্যান হানি। কীভাবে মৌমাছি ক্রমেই বিলুপ্ত হচ্ছে আর তা কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, তা-ই দেখানো হয়েছে তথ্যচিত্রটিতে। শেষ দিন দেখানো হবে এক অনাথ ছেলের কঠিন জীবনসংগ্রামের গল্প নিয়ে ছবি দ্য ফস্টার বয়।
সুইজারল্যান্ড দূতাবাস সূত্রে জানা গেছে, উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে প্রদর্শনী।