সুইস মডেল জিনে ডমিনিকের বিপরীতে ইমন
চলচ্চিত্র অভিনেতা মামনুন হাসান ইমন এর আগে স্বপন আহমেদের ‘লাল টিপ’ ছবিতে অভিনয়ের বদৌলতে ফরাসি মডেলের সঙ্গে অভিনয় করেছিলেন। এবার তিনি অভিনয় করলেন সুইস একজন মডেলের বিপরীতে। নাম জিনে ডমিনিক। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা থেকে একটি টেলিছবির শুটিং শেষ করে দেশে ফিরেছেন ইমন। এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া এই টেলিছবিটিতে ইমনের আরেক সহশিল্পী ছিলেন অভিনেত্রী পূর্ণিমা। টেলিছবিটি পরিচালনা করেছেন রায়হান খান।প্রথম আলো ডটকমকে ইমন বলেন, ‘এটা খুব চমত্কার একটি ভালোবাসার গল্প। পুরো গল্পটিতে রোমাঞ্চকর অনেক ব্যাপারও আছে। কাজটি করে সত্যিকার অর্থেই অনেক ভালো লেগেছে।’ ইমন আরও বলেন, ‘সুইজারল্যান্ড সম্পর্কে এর আগে বিভিন্ন গল্প শুনেছি। এবার দেশটি বাস্তবে দেখে আসা হলো। সত্যিই অসাধারণ একটি দেশ। শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদের লেখা আরেকটি টেলিছবিতে অভিনয় করার জন্য আমাদের সঙ্গে আরও ছিলেন নোবেল ভাই। শুটিংয়ের ফাঁকে আমরা সবাই অনেক মজা করেছি। শুটিংয়ের ফাঁকে সুইজারল্যান্ডের ভ্রমণটাও সত্যিই অসাধারণ লেগেছে।’জানা গেছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ টেলিছবি দুটি ঈদে দেখানো হবে।সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে ইমন চলে যান সিলেটে। সেখানে তিনি আহমেদ আজিম টিটো পরিচালিত ‘পায়রা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন। ছবিটিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন নবাগত দীপালি।