সুকান্ত স্মরণে মৈত্রীর শোভাযাত্রা
গালে হাত দিয়ে বসে থাকা এক কিশোর। মুখে স্মিত হাসি। ঠোঁটের ওপর সদ্য গোঁফ ওঠা কালো রেখা। কবিতানুরাগীদের কাছে সুকান্তের এ ছবিটি চিরচেনা। নিজস্ব কবি-প্রতিভার বিকাশে খুব বেশি সময় নেননি তিনি। শোষণ-বঞ্চনা আর বৈষম্যে ভরা সমাজটাকে একদম মেনে নিতে পারেননি। সাহসভরে স্বপ্ন দেখেছেন সমাজটাকে পাল্টানোর। লিখেছেন, ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,/ আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে’।বাংলাদেশ ও ভারতের মৈত্রীর সম্পর্ক আরও দৃঢ়তর করার শপথ নেওয়ার মধ্য দিয়ে শেষ হলো ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল শোভাযাত্রা। আর ঐতিহাসিক এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করে সুকান্তের গড়া পশ্চিমবঙ্গের ‘কিশোর বাহিনী’ এবং এ দেশের সুকান্ত সংসদ। ১৪ আগস্ট ছিলও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৫তম জন্মদিন। কবি দুঃখী আর দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিলেন কিশোর বাহিনী। কবিকে স্মরণ করে ১৬ আগস্ট কলকাতার যাদবপুর থেকে সাইকেল শোভাযাত্রা শুরু করেছিলেন তাঁরই গড়া কিশোর বাহিনীর ২৯ সদস্য। কবি সুকান্তের জন্মস্থান গোপালগঞ্জের কোটালীপাড়া হয়ে ঢাকায় এসে শেষ হলো শোভাযাত্রা। গতকাল সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। ৬০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া সাইকেল আরোহীরা এলেন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়। ভারতের পশ্চিমবঙ্গের কবি সুকান্ত কিশোর বাহিনীর ২৯ জন এবং বাংলাদেশের ১১ জন কিশোর কর্মীকে এই মঞ্চে সংবর্ধনা দেন পরিষদের সদস্যসচিব নুর আহমেদ, খেলাঘরের সাধারণ সম্পাদক লেনিন চৌধুরী প্রমুখ।সংক্ষিপ্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পর্বে ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’ গাইলেন উদীচীর শিল্পীরা। ‘বন্ধু আজকে দোদুল্যমান পৃথ্বি/ আমরা গঠন করবো নতুন ভিত্তি’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা আয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রার সমাপনীএর আগে ৪০ সদস্যের এই কিশোর বাহিনী তাঁদের সাইকেল শোভাযাত্রা নিয়ে ঢাকায় প্রবেশ করেই প্রথম অবস্থান নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিকেন্দ্রে। গতকাল অপরাজেয় বাংলার পাদদেশে কিশোর বাহিনীকে বরণ করে নিতে সকাল থেকেই প্রস্তুত ছিলেন সুকান্ত সংসদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘ভবিষ্যতের কথা ভাবতে হলে অতীত ঐতিহ্যের কথা ভাবতে হয়। শিল্পগু-সাহিত্য-সংস্কৃৃতি আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য। সে সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সুকান্ত।’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রাশেদ খান মেনন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, কিশোর বাহিনীর পরিচালক মনোরঞ্জন বসু, সাইকেল শোভাযাত্রার সমন্বয়ক রক্তিম দাস প্রমুখ আলোচনায় অংশ নেন।অনুষ্ঠান শেষে মৈত্রীর স্মারক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে একটি দেবদারু গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া সুকান্তের ওপর চিত্রকর্ম ও কবিতা প্রদর্শনীর আয়োজন ছিল বটতলায়।