সুখ-দুঃখের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পশ্চিম আকাশে নতুন বাঁকা চাঁদ জানান দিচ্ছে কাল ঈদ। কিন্তু তখনো নতুন পোশাক পাইনি। ছোট ভাইবোনদের জন্য পোশাক বানাতেই মায়ের অনেক রাত হয়ে গেছে। সেই জামা পাওয়ার জন্য ঘুম ঘুম চোখে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি, মনে নেই। ঈদের দিনের সকাল। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রস্তুত হতে হবে। ঘুম থেকে উঠেই বালিশের পাশে ঈদের নতুন জামা দেখে কী যে আনন্দ পেতাম, সে কথা বর্ণনা করে শেষ করা যাবে না।’ ছোটবেলায় ঈদে নতুন জামা পাওয়ার আনন্দের কথা বলতে গিয়ে মোটা কাচের চশমায় ঢাকা চোখ দুটি উচ্ছ্বসিত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদের।‘স্বাধীনতার পর ঈদগুলোয় আর আগের মতো ভেতর থেকে আনন্দ পাই না। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে বাবা শহীদ হওয়ার পর মনে হয়, ঈদের দিনগুলো আমার জন্য নয়। বাবা মারা যাওয়ার পর ছোট ভাইবোনদের জন্য সব রকম চেষ্টা করি ঈদে আনন্দ দিতে।’ বললেন সাদি মহম্মদ।সাদি মহম্মদ বলেন, ‘আমরা ১০ ভাইবোন। একসঙ্গে এক বাসায় থাকি সব ভাইবোন। ছোটবেলায় বাবা ঈদের সময় আমরা যারা কালো, তাদের জন্য ধূসর রঙের কাপড় এবং যাদের গায়ের রং ফর্সা, তাদের জন্য রঙিন কাপড় কিনে আনতেন। আমি কালো হওয়ার কারণে আমাকে দেওয়া হতো ধূসর রঙের পোশাক। ছোটবেলা এই নিয়ে খুব মন খারাপ হতো। মা আমাদের জন্য হাতে পোশাক তৈরি করতেন।’১৯৭৫ সালে শান্তিনিকেতনে পড়তে যান সাদি মহম্মদ। শান্তিনিকেতনের ঈদের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কখন ঈদ আসত, সেটা খেয়াল করতাম না। আমার সহপাঠী বন্ধুরা মনে করিয়ে দিত ঈদের কথা। শান্তিনিকেতনে হোস্টেলে তখন আমি একমাত্র মুসলমান ছাত্র। হিন্দু সহপাঠী বন্ধুরা ঈদের সময় আমার কাছে গরুর মাংস খাওয়ার জন্য জোরাজুরি করত। সে সময় শান্তিনিকেতনে একটি মুসলিম খাবারের দোকান ছিল। দোকানিকে রাতে গরুর মাংস ও নানরুটি নিয়ে আসতে বলতাম। হোস্টেলে গভীর রাতে লুকিয়ে সবাই মিলে আনন্দ করে সেগুলো খেতাম। শান্তিনিকেতনের ছয় বছরে শুধু গ্রীষ্মের ছুটিতে দেশে আসতাম। ছুটিতে আসার সময় ঈদ উপলক্ষে সব ভাইবোনের জন্য জামাকাপড় নিয়ে আসতাম।‘১৯৭১ সালে রাজাকার ও পাকিস্তানিরা মিলে বাবাকে মেরে ফেলে। আমাদের এই বাড়ি (মোহাম্মদপুরের তাজমহল রোডে) তখন পুড়িয়ে ফেলা হয়। ১৯৭১ সালের পর ১০ ভাইবোনকে নিয়ে মা অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন। আমরা যারা একটু বড় ছিলাম, তারা মায়ের কাছে কখনো ঈদে নতুন পোশাকের আবদার করতাম না। সংসারের আর্থিক কষ্টের মধ্যেও মা সাধ্যমতো আমাদের নতুন পোশাক দেওয়ার চেষ্টা করতেন। তখন খুব বেশি ব্যয় করার ক্ষমতা ছিল না আমাদের। তাই চাইতাম, ছোটরা নতুন পোশাক পরে ঈদের আনন্দ করুক। ১৯৭১ সালে বাবা শহীদ হওয়ায় স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই সংসারের হাল ধরতে হয় আমাকে। শান্তিনিকেতন থেকে পড়া শেষ করে আসার পরই চাকরি হয়ে যায় আমার।’এবার শুরু করেন ছোট ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, ‘১৯৭১ সালের ঈদের কথা আমার জীবনে সব সময় মনে থাকবে। বাবাকে হারিয়ে ফেলেছি কিছুদিন আগে। বড় দুই ভাই সানু ও শামীম মুক্তিযুদ্ধে। সবার মনে অজানা ভয়। ঈদের সময় মাকে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যাই। সেই ঈদে আনন্দের চেয়ে স্বাধীনতা পাব, এই আশার আনন্দ বেশি কাজ করছিল।’ঈদের সালামি নিয়ে দুটো ঘটনা বললেন শিবলী মহম্মদ, ‘একদিন পলাশী ব্যারাকে গিয়েছিলাম ঈদের সালামি তুলতে। পলাশী ব্যারাকে জিনু নানি সালামি হিসেবে এক টাকা দিয়েছিলেন। এক টাকা পেয়ে কী যে খুশি হয়েছিলাম! ঈদে সালামি পেয়ে এর চেয়ে বেশি খুশি হইনি কোনো দিন। সালামি নিয়ে আরেকটি ঘটনা মনে পড়ছে। তখন সুমিতা দেবী সুপারহিট সিনেমার নায়িকা। তাঁর ছেলে কল্লোল রায়হান ছিল আমার বন্ধু। এক ঈদে কল্লোলের সঙ্গে তাদের বাসায় যাওয়ার পর তার মাকে (সুমিতা দেবী) সালাম করার পর আমাকে এক টাকা দেন। একসঙ্গে দুই আনন্দ ছিল সেই সালামিতে। সুপারহিট কোনো নায়িকার হাত থেকে প্রথম কোনো টাকা পাওয়া, তাও আবার এক টাকা!