
অভিনয় তাঁর রক্তে মিশে আছে। বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া এই বাক্য আরও একবার অনায়াসে সিয়েনা মিলারের জন্য ব্যবহার করাই যায়। মিলারের জন্ম যে আর একটু হলেই হতে যাচ্ছিল নিউইয়র্কের একটা থিয়েটারে! তাঁর মা, সাবেক মডেল ও অভিনেত্রী জোসেফাইন মিলারের ছিল খুব নাটকের নেশা। একটা নাটকের স্কুলও চালাতেন। নিয়মিত মঞ্চনাটক দেখতেন। নিউইয়র্কের একটি থিয়েটারে এমনই একটা মঞ্চনাটক দেখতে গিয়েই সিয়েনা মিলারের জন্ম। সেদিন মায়ের পেটে নাকি পাগলের মতো লাথি কষছিলেন। বের হয়ে আসতে তর সইছিল না তাঁর! তড়িঘড়ি করে নিতে হয়েছিল হাসপাতালে।
ফলে সেই মিলার যে একসময় রুপালি পর্দায় কাজ করবেন, আর যিনিই হোন, তাঁর মায়ের মনে এ নিয়ে কোনো সংশয় ছিল না। দেখতে দেখতে মিলারের ক্যারিয়ার ১৩ বছরে পা-ও দিয়েছে। আর তেরোতম বছরটাকে পয়মন্ত করে দিয়ে ফক্সক্যাচার-এর সাফল্য টাটকা থাকতে থাকতেই আজ মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি আমেরিকান স্নাইপার। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন ব্র্যাডলি কুপারের মতো তারকার সঙ্গে। সবচেয়ে বড় কথা, এই ছবির পরিচালক ক্লিন্ট ইস্টউড। ফরগিভেন আর মিলিয়ন ডলার বেবির জন্য এরই মধ্যে দুবার সেরা পরিচালকের অস্কার যিনি ঝোলায় পুরেছেন।
আমেরিকান স্নাইপার-এও অস্কারের সেরা ছবি হওয়ার জন্য যথেষ্ট রসদ মজুত। ছবির গল্প মার্কিন নৌবাহিনীতে কাজ করা সাবেক এক স্নাইপার ক্রিস কাইলকে নিয়ে। যিনি যুক্তরাষ্ট্রের হয়ে ইরাকে লড়াই করেছেন। দূর থেকে নিখুঁত নিশানার কারণে যিনি একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ‘ভয়ংকর’ স্নাইপারের তকমা পেয়েছিলেন। ইরাকে কমপক্ষে ১৬০ জনকে মেরে ফেলার ‘কৃতিত্ব’ আছে কাইলের। তবে কি কাইলকে খুবই নিষ্ঠুর, নিষ্কম্প হত্যাকারী মনে হচ্ছে? সেখানেই গল্পের প্যাঁচ। কারণ কাইল শুধু একজন শীতল রক্তের স্নাইপার নন, তিনি একাধারে একজন স্বামী আর স্নেহের আর্দ্রতায় উষ্ণ এক হৃদয়ের বাবাও। যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর আরেক প্রান্তে গিয়ে লড়াই করতে গিয়ে যিনি পরিবার আর সন্তানকে মিস করছেন ভীষণ।

কাইলের চরিত্রে অভিনয় করা কুপার তো এরই মধ্যে দৃঢ়ভাবে বলেছেন, আমেরিকান স্নাইপার যুদ্ধের ছবি তো নয়ই, রাজনৈতিক ছবিও নয়। কিন্তু তা না হলেও ইরাক যুদ্ধের নেপথ্য রাজনীতি, এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সিংহভাগ মানুষের নেতিবাচক ধারণাকে ছাপিয়ে দর্শকদের কাঁদাতে হলে ছবির গল্পটাকে হতে হবে সে রকমই মানবিক। ইস্টউড সেখানেই তাঁর জাদুর খেলটা দেখিয়েছেন। ইরাকে কাইল একই সঙ্গে সন্তানের ছবি দেখে কাতর, আবার তাঁরই বন্দুকের নিশানায় তাঁর সন্তানের বয়সী এক ইরাকি শিশু!
ছবিতে কাইলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মিলার। দুই বছর বয়সী কন্যা মারলোর মা তিনি। ফলে মায়ের ভূমিকায় অভিনয় করতে একদমই বেগ পেতে হয়নি। তবে চ্যালেঞ্জ অন্যখানে। সত্যি কাহিনি অবলম্বনে নির্মিত ছবিটিতে পরিচালক চেয়েছেন সবকিছু হতে হবে বাস্তবের কাছাকাছি। ফলে স্বর্ণকেশী মিলারকে সোনালি চুলগুলো সব কালো করে ফেলতে হয়েছে। ব্রিটিশ উচ্চারণটাও ভুলে গিয়ে রপ্ত করতে হয়েছে খাসা মার্কিন কায়দা।
যতই ইরাক যুদ্ধ নিয়ে নেতিবাচক মনোভাব থাকুক, দর্শকেরা ছবিটাকে আপন করে নেবে বলেই দৃঢ় বিশ্বাস মিলারের। এ তো আর ইরাক যুদ্ধের পক্ষে বা বিপক্ষে কোনো সাফাই গাওয়া নয়। একটা মানবিক আখ্যান। বক্স অফিসে সাফল্য এলে বড়দিনের আনন্দটা আরও উজ্জ্বল হবে মিলারের।
রাজীব হাসান
ইউএস ম্যাগাজিন অবলম্বনে