সুখবরের প্রতীক্ষা
‘খবর! খবর!! খবর!!! আমি দাদা হতে যাচ্ছি। ঐশ্বরিয়া মা আর অভিষেক বাবা।’ ২১ মে রাতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে অমিতাভ বচ্চনের দেওয়া এই একটি টুইটস কাঁপিয়ে দেয় পুরো বলিউডকে। এমনটি নয় যে বলিউডবাসীর মধ্যে এর আগে কেউ মা হননি, তবে ঐশ্বরিয়া রাই বচ্চন মা হতে যাচ্ছেন—এই তথ্য যেন মুহূর্তেই জাতীয় খবরে পরিণত হয়। ভারতের প্রায় প্রতিটি খবরের কাগজের প্রথম পাতা থেকে শুরু করে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রাইম টাইমের খবরে স্থান পায় ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। অবশ্য যাঁর বিয়ের আগে তুলসীগাছের সঙ্গে দুবার বিয়ে করার মতো হাস্যকর গুজব চাউর হয়েছিল, যাঁর বিয়ের দিন এক তরুণী দাবি করেছিলেন পাত্র অভিষেক তাঁর স্বামী, যাঁর বিয়ের চার বছরে অজস্রবার বলা হয়েছে যে তিনি কখনো মা হতে পারবেন না—সেই ঐশ্বরিয়ার মা হওয়ার খবরে নতুন করে ‘হাঙ্গামা’ হবে, এটাই স্বাভাবিক। যেমন, ভৈরবী গোস্বামী নামের এক অখ্যাত অভিনেত্রী এবার টুইটারের মাধ্যমে দাবি করেছেন, ঐশ্বরিয়ার স্বাভাবিক উপায়ে বাচ্চা হচ্ছে না। তিনি টেস্টটিউব বেবি নিচ্ছেন। অবশ্য তাঁর কথার পেছনে যুক্তি-প্রমাণ কিছুই তিনি দেখাতে পারেননি। তাতে কি, প্রচারেই প্রসার। ভক্তরা অবশ্য এবারও তাঁদের নির্ভেজাল ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। অমিতাভ বচ্চনের টুইটস প্রকাশের পর পুরো বাড়ি ফুল আর উপহারে ছেয়ে গেছে। এমনকি অনেকে বাচ্চাদের নাম রাখার বই, সন্তান পরিচর্যার বই, হাতে সেলাই করা কাপড়, দামি শাড়ি, গয়নাও পাঠাচ্ছেন। বচ্চনরাও কম যান না। মুঠোফোন বার্তা, ফোন, ইন্টারনেট কিংবা ফুল-উপহার পাঠিয়ে যাঁরা হবু মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সবাইকে মিষ্টি ও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তাঁরা। তবে এসব আলোচনা ছাপিয়ে প্রতিদিন পত্রিকা, টিভি চ্যানেল, ইন্টারনেটের প্রধানতম আলোচনার বিষয় হয়ে উঠেছে মধুর ভান্ডারকরের ছবি হিরোইন; ঐশ্বরিয়া নয় মাস পর এই একটি ছবিই সই করেছিলেন। এক বছর আগে কারিনা কাপুর ছবিটি ফিরিয়ে দেওয়ার পর ঐশ্বরিয়া গত এপ্রিলে এটি সই করেন। এরপর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে নির্মাতারা ঐশ্বরিয়াকে নিয়ে ছবিটির মহরত করেন। ১০ জুন থেকে ১০ দিন শুটিংও করেন। বলা হয়েছিল, ছবিটি ঐশ্বরিয়াকে জাতীয় পুরস্কার এনে দেবে। নারীপ্রধান ছবি করতে নির্মাতারা সাধারণত আগ্রহী হন না। হলেও কম বাজেটে দায়সারাভাবে নির্মাণ করেন। কিন্তু হিরোইন-এর জন্য প্রযোজকের বাজেট ছিল ৩০ কোটি। অমিতাভ বচ্চনের মাত্র একটি টুইটস সব হিসাব-নিকাশ পাল্টে দেয়। তিন-চার দিন আলোচনার পর প্রযোজক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানান, ‘আমাদের কাছে এখন ঐশ্বরিয়ার সুস্বাস্থ্যের চেয়ে বড় কিছু নেই। আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি, এ ছবির শুটিং বন্ধ রাখব।’ কিন্তু কেন? ভক্তদের দাবি, ঐশ্বরিয়া তো ৪৫ দিনের টানা শিডিউল দিয়েছিলেন। বলা হয়েছিল, ৩১ জুলাইয়ের মধ্যে শুটিং শেষ করা হবে। ঐশ্বরিয়া এখনো শুটিং করতে রাজি ছিলেন। কিন্তু তাঁকে না জানিয়ে কেন শুটিং বন্ধ করে দেওয়া হলো? এদিকে নির্মাতাদের কাছের মানুষজন বলেন, ঐশ্বরিয়াকে এ ছবিতে ধূমপান, মদ্যপান, দৌড়ঝাপ, গোসলের দৃশ্য, দুটি আইটেম গানে কাজ করতে হতো। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি কী করে এসব দৃশ্যে অংশ নেবেন? তা ছাড়া দেশের বাইরেও শুটিং করতে হতো। নভেম্বরে ঐশ্বরিয়া মা হবেন। তার আগে পোস্ট প্রোডাকশন কিংবা প্রচারণার জন্য ঐশ্বরিয়ার প্রয়োজন হলে তিনি তো সময় দিতে পারবেন না। এমনিতেই ৩ দশমিক ৫ কোটি রুপি পানিতে গেছে। ঐশ্বরিয়ার কাছের মানুষজন এসব যুক্তি উড়িয়ে দিয়ে বলেন, চুক্তিপত্রে, স্ক্রিপ্টে এসব দৃশ্যের কথা কিছুই লেখা ছিল না। থাকলে ঐশ্বরিয়া কখনোই এ ছবি করতেন না। তা ছাড়া দেড় মাসের শিডিউলকে ছয় মাসের শিডিউল বানানোর কোনো অধিকার নির্মাতাদের নেই। উল্টো ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়ে, তাঁর নাম ব্যবহার করে কান চলচ্চিত্র উৎসবে নিজেদের প্রচারণা করতে পেরেছেন পরিচালক-প্রযোজক। তা ছাড়া ঐশ্বরিয়া যে ১০ দিন শুটিং করলেন, তার জন্য তো একটি রুপিও তাঁকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়নি। কথা উঠেছে, নায়িকাদের অন্তঃসত্ত্বা নিয়ে চুক্তিপত্রে কোনো শর্ত চালু করা হবে কি না! এ ব্যাপারে সুস্মিতা সেন বলেন, ‘কেউ যদি আমাকে এমন কোনো চুক্তিপত্র দেখায়, আমি নগদে বের হওয়ার দরজা দেখিয়ে দেব। যদি আপনি বিশ্বাস না করেন যে আমি পেশাদার, সই করাবেন না। আর যদি পেশাদার মনে করেন, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাবেন না।’ হেমা মালিনী বলেন, ‘বিরক্ত হচ্ছি প্রতিদিন পত্রিকা খুলে ঐশ্বরিয়ার খবর পড়ে। আরে বাবা, অন্তঃসত্ত্বা হয়ে কি ও পাপ করল? রাজিয়া সুলতানা ছবির শুটিংয়ের সময় আমিও তো অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম। ছবির কাজ তো বন্ধ হয়নি। এমনকি সে অবস্থায় মরুভূমিতে উটের পিঠেও চড়েছি।’ শুধু হেমাই বা কেন, স্বয়ং জয়া বচ্চন (শোলে), রাখি (কাভি কাভি), কাজল (উই আর ফ্যামিলি), জুহি চাওলা (এক রিস্তা), নন্দিতা দাস, কঙ্কণা সেন শর্মা, এমনকি হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি থেকে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর পেনেলোপে ক্রুজ অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। উমা থারম্যানের (কিল বিল) সন্তান প্রসবের জন্য পরিচালক কুয়েন্টিন টরন্টিনো অপেক্ষা করেছিলেন। শুধু তা-ই নয়, ১৯৯৬ সালে মেলরোজ প্লেস ছবিতে অভিনয় করার সময় অভিনেত্রী হান্টার টিলো অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রযোজক স্পেলিং তাঁকে না জানিয়েই বাদ দিয়েছিলেন। অপমানিত হান্টার দেরি করেননি, চটজলদি মামলা ঠুকে দিয়েছিলেন এবং মামলায় জিতে ৪ দশমিক ৮ মিলিয়ন ডলারও পেয়েছিলেন। ঐশ্বরিয়া এমন কিছু করবেন কি না, জানতে উৎসুক জনতা। জিজ্ঞাসুদের প্রশ্নের স্রোত অবশ্য দিন দিন বেড়েই চলছে। অভিষেক মেয়ে চান, কিন্তু যদি ছেলে হয়? বাবার উচ্চতা পাবে, না মায়ের সৌন্দর্য? বিয়ের পর ঐশ্বরিয়া কাজ করবে না ছেড়ে দেবেন? কী নাম রাখবেন সন্তানের? ...বোঝাই যাচ্ছে, এক নবজাতকের সঙ্গে প্রত্যাশার পাহাড়ও জন্ম নিতে যাচ্ছে। রুম্মান রশীদ খানসূত্র: ওয়েবসাইট