সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত নিজের তৃতীয় বিয়েটাও টিকিয়ে রাখতে পারলেন না ডেমি মুর। প্রমাণিত হলো, হলিউড তারকাদের জন্য ফোটা ভালোবাসার ফুলের আয়ু আসলেই বড়জোর দুই বেলা। তবে বিরহ-যন্ত্রণায় বেশিক্ষণ পোড়েন না হলিউডের বাসিন্দারা। হলিউডের তারকারা নাকি সঙ্গী বা সঙ্গিনী পাল্টান নিজের মুঠোফোন বা গাড়ির মডেল পাল্টানোর মতো করেই! ব্যতিক্রমও যে নেই, তাও নয়। তবে সেই ব্যতিক্রমীদের সংখ্যা বিলুপ্তপ্রায় প্রজাতি পান্ডার মতোই।হলিউডে একাধিক প্রেম আর বিয়ে করার ব্যাপারে রীতিমতো ‘রেকর্ড’ গড়েছিলেন এলিজাবেথ টেলর। আট-আটবার বিয়ে করেছেন। এর মধ্যে এক স্বামীকেই বিয়ে করেছেন দুবার। কিংবদন্তি এই অভিনেত্রীকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘ম্যাডাম, আপনি এত বেশি বিয়ে করেন কেন?’ টেলর উত্তর দিয়েছিলেন, ‘আবার বাবা-মা আমাকে শিক্ষা দিয়েছেন, তুমি যদি প্রেমে পড়ো, যদি প্রেমের একটা সম্পর্ক রাখতে চাও, তাহলে আগেই বিয়ে করে ফেলো। আমি মনে হয় একটু সেকেলে!’প্রথমবার বিয়ে করেছিলেন ‘সুইট সেভেনটিন’-এ। হোটেল ব্যবসার উঠতি মোগল নিক হিলটনকে (প্যারিস হিলটনের জ্ঞাতি)। ১৯৫০ সালের মে মাসে বিয়ে। বিয়ের আয়ু? মাত্র ১০ মাস। পরের মাসেই মাইকেল উইল্ডিংকে বিয়ে করে ফেলেন টেলর। এই বিয়ে টিকেছিল পাঁচ বছর। এভাবেই একে একে টেলর সংসার মানের খরস্রোতা নদীর উজানে নৌকা বেয়েছেন মাইকেল টড, এডি ফিশার, রিচার্ড বারটন, জন ওয়ার্নার ও ল্যারি ফরটেনস্কি। এর মধ্যে বারটনের সঙ্গে বিয়ে হয়েছিল দুবার।টেলর সম্ভবত অনুসরণ করতে চেয়েছিলেন লানা টার্নারের (১৯২১-১৯৯৫) পথ। জনি এগার, জিগফেল্ড গার্ল, সামহয়ার আই’ল ফাইন্ড ইউ চলচ্চিত্রগুলোর জন্য বিখ্যাত এই অভিনেত্রীও বিয়ে করেছেন আটবার! তাঁর প্রথম বিয়েটা ছিল সিনেমার গল্পগুলোর মতোই। প্রথম দিন অভিসারে গিয়েই টার্নার আর সংগীতশিল্পী আর্টি শো পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছিলেন। কিন্তু বিয়ের আয়ু ছিল মাত্র চার মাস! এর পর রেস্তোরাঁ ব্যবসায়ী জোসেপ ক্রেন, ধনকুবের হেনরি টপিং জুনিয়র, অভিনেতা লেক্স বার্কার, র‌্যাঞ্চার ফ্রেডেরিক মে, প্রযোজক রবার্ট ইটন, রোল্যান্ড পেলারদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন টার্নার। একের পর এক সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশ হয়ে একবার পরিহাস করে বলেছিলেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম, আমার একটি বিয়ে হবে আর হবে সাতটি ছেলেপুলে। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা।’ শুধু অভিনেত্রীরাই যে একাধিকবার পাণিপ্রার্থী হয়েছেন, তা নয়। মিকি রুনি যেমন। ৯০ বছর ধরে হলিউডে কাজ করে চলা এই অভিনেতা তাঁর ক্যারিয়ারের মতো লম্বা করেছেন বৈবাহিক তালিকাও। মাত্র ১৭ মাস বয়সে চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর ভিন্ন ভিন্ন ১০টি দশকে কাজ করার বিরল কৃতিত্বের অধিকারী রুনি বিয়ে করেছেন আটবার। দি অ্যাডভেঞ্চারস অব ব্ল্যাক স্ট্যালিওন-এর জন্য বিখ্যাত রুনি প্রথম বিয়ে করেন ১৯৪২ সালে, অভিনেত্রী অ্যাভা গার্ডনারকে। এরপর বেটি জেন, মাথা ভিকার্স, এলাইন ডের্ভি, ক্যারোলিন মিচেল, মার্জ লেন, ক্যারোলিন হকেট। তার মানে কিন্তু এমন নয়, এক স্ত্রীর চাঁদমুখখান বেশি দিন ভালো লাগে না রুনির। বরং তিনি থিতু হতেই চেয়েছেন। প্রমাণ সর্বশেষ বিয়েটাই। ১৯৭৮ সালে জ্যান চেম্বারলিনের সঙ্গে বিয়ের মালা বদলের পর সেই সম্পর্ক টিকে আছে আজও।বয়স ৮১ চলছে, না হলে বলে দেওয়া যেত, রুনির রেকর্ড ভেঙে দিতে চলেছেন রবার্ট এভানস। হলিউডের এই প্রযোজক বিয়ে করেছেন সাত-সাতবার। আর একবার বিয়ে করলেই অন্তত রুনির রেকর্ড ছোঁয়া যায়। করবেন যে না তার গ্যারান্টি কি আছে? ২০০৫ সালে সপ্তম স্ত্রী হিসেবে ভিক্টোরিয়া হোয়াইটকে বরণ করে নিলেন যখন, তাঁর বয়স ছিল ৭৫! রুনির রেকর্ড কি টিকবে? হোয়াইটের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় এভানস যে আবারও ‘ব্যাচেলর’ হয়ে গেছেন! রা. হা.তথ্য সাহায্য: বিভিন্ন ওয়েবসাইট ও উইকিপিডিয়া