সুচিত্রা সেন অসুস্থ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন গুরুতর অসুস্থ। ফুসফুসের সংক্রমণের কারণে তাঁকে নয় দিন আগে গোপনীয়তা রক্ষা করে কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনো তাঁর ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না। তিনি এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে তরল খাবার। জানা গেছে, নয় দিন আগে বাড়িতে অসুস্থ হওয়ায় মেয়ে মুনমুন সেনের পরামর্শে তাঁকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক সুব্রত মৈত্রর নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে সুচিত্রা সেনের অনুরোধে নির্দিষ্ট চিকিৎসক এবং দু-একজন হাসপাতাল কর্মী ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁর কেবিনে। তবে মুনমুন সেন নিয়মিত হাসপাতালে আসছেন। তিনি মায়ের চিকিৎসার খোঁজ নিচ্ছেন।