সুচিত্রা সেন আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

গতকাল রোববার রাতে আকস্মিকভাবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনকে কলকাতার বেলভিউ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
চিকিত্সকেরা জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্ট ও অস্বাভাবিক হূত্স্পন্দন দেখা দেওয়ায় রাত ১০টা নাগাদ তাঁকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার সন্ধ্যায় সুচিত্রা সেনের চিকিত্সক দলের সদস্য সমরজিত্ নস্কর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রোববার দুপুর পর্যন্ত সুচিত্রা সেন স্বাভাবিক খাবার খেয়েছিলেন। যদিও শ্বাসকষ্টের কারণে তাঁকে কয়েক দফায় বেশ কিছুক্ষণ অক্সিজেন দেওয়া হয়েছিল। রাতে এই শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। ওষুধ দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন চিকিত্সকেরা। রাত ১০টা নাগাদ তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বাড়ানো হয় অক্সিজেন দেওয়ার পরিমাণ। রাত পর্যন্ত তাঁর অবস্থা পুরোপুরি স্থিতিশীল হয়নি। হূদযন্ত্রের গতিও ছিল অস্বাভাবিক।
শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে ২৩ ডিসেম্বর সুচিত্রা সেনকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাঁকে। তখন তিনি সর্দি, জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন।
বেলভিউ হাসপাতালের একটি সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁর ফুসফুসে পানি জমেছে। ডায়াবেটিস থাকায় তাঁর শারীরিক অবস্থা আরও বেশি জটিল আকার ধারণ করেছে।

হাসপাতালে ডা. সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে আছেন সুচিত্রা সেন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিত্সার দেওয়ার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় ২৭ ডিসেম্বর শুক্রবার। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছে। সুচিত্রা সেনের বয়স এখন ৮২।