সুচিত্রা সেন আছেন - সুচিত্রা সেন নেই

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সদ্য প্রয়াত সুচিত্রা সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জিটিভি নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘সুচিত্রা সেন আছেন—সুচিত্রা সেন নেই’। অনুষ্ঠানে তাঁর ব্যক্তি ও পেশাজীবনের নানা অধ্যায়ের পাশাপাশি চলচ্চিত্রে তাঁর অবদান নিয়ে কথা বলবেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন, মিঠুন চক্রবর্তী, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক এবং সুচিত্রা সেনের ব্যক্তিগত আলোকচিত্রী অমিতাভ চক্রবর্তী।
সুচিত্রা সেনের বিদায় যেন একটি নক্ষত্রের খসে পড়ার মতোই বেদনাদায়ক। চলচ্চিত্রপ্রেমীদের হূদয়ে সুচিত্রা সেন যেন রোমান্টিক এক নক্ষত্রের নাম। সবাইকে স্তব্ধ করে এ নক্ষত্রের চলে যাওয়ার বেদনা যেন বহমান স্রোতের মতোই রয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম। শৈল্পিক ও নান্দনিকতার দিক থেকে সুচিত্রা সেনের অভিনয় প্রতিটি চলচ্চিত্রের ক্ষেত্রেই নতুন দিগন্তের সূচনা করেছে নিঃসন্দেহে। তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। তাঁর মৃত্যুতে জিটিভি পরিবারও গভীরভাবে শোকাহত। সুচিত্রা সেনকে উৎসর্গ করে আজ ‘সুচিত্রা সেন আছেন—সুচিত্রা সেন নেই’ অনুষ্ঠানটি প্রচার করবে জিটিভি।
জিটিভি সূত্রে জানা গেছে, অরিন্দম মুখার্জির প্রযোজনায় ‘সুচিত্রা সেন আছেন—সুচিত্রা সেন নেই’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শনিবার রাত আটটা ১০ মিনিটে।