সুচিত্রা সেনের অবস্থা সংকটাপন্ন

রোববার রাতে হঠাৎ সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়। তীব্র শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি তাঁর হূৎস্পন্দন অস্বাভাবিক হারে ওঠানামা শুরু করে। হূৎস্পন্দন স্বাভাবিক করার জন্য তাঁকে জীবন রক্ষাকারী ওষুধ দেওয়া হয়। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাত ১০টা নাগাদ তাঁকে বেলভিউ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) স্থানান্তর করা হয়। তাঁকে সিসিইউতেও (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়। এর আগে এই হাসপাতালের কেবিনে ভর্তি ছিলেন তিনি।
সুচিত্রা সেনের চিকিৎসক সুব্রত মৈত্র রাতেই সংবাদমাধ্যমকে বলেন, ‘সুচিত্রা সেনের এই বয়সে (৮২) ফুসফুসে সংক্রমণের পাশাপাশি হূৎস্পন্দন অস্বাভাবিক হারে ওঠানামা করা এবং ব্লাড সুগার বেড়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা জটিল হয়েছে। তাঁর শ্বাস-প্রশ্বাস বেড়ে যাওয়ার সমস্যা আগেও হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’
রোববার সন্ধ্যায় সুচিত্রা সেনের চিকিৎসকদলের আরেকজন সদস্য সমরজিৎ নস্কর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সুচিত্রা সেনের অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। স্বাভাবিক খাবার খাচ্ছেন। বিকেলে চা খেয়েছেন। কথা বলছেন।
এদিকে গতকাল সোমবার দুপুরে মুঠোফোন বার্তার মাধ্যমে সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন প্রথম আলোকে জানান, ‘চিন্তার কিছু নেই। সুচিত্রা সেনের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তিনি ঘুমাচ্ছেন।’