সুচিত্রা সেনের অবস্থার সামান্য উন্নতি

সুচিত্রা সেনের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সুচিত্রা সেনের অস্থির হূৎস্পন্দন ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাতে কলকাতার বেলভিউ হাসপাতালের মেডিকেল বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুচিত্রা সেনের রক্তচাপ, পালস রেট, অক্সিজেনের মাত্রার মতো গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো সন্তোষজনক। রক্ত পরীক্ষার প্রতিবেদনও সন্তোষজনক। ব্লাড সুগারও নিয়ন্ত্রণে এসেছে। সংকট না কাটলেও তাঁর অবস্থা স্থিতিশীল আছে। তাঁর চোখের ছানি অপারেশন হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাঁকে এখনো আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে সুচিত্রা সেন চা ও বিস্কুট খেয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তাঁকে আজ কেবিনে স্থানান্তর করার সিদ্ধান্ত হতে পারে। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল থেকে আর কোনো তথ্য জানা যায়নি।