সুচিত্রা সেনের চিতাভস্ম বিসর্জন হবে হরিদ্বারে

মহানায়িকা সুচিত্রা সেনের চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে ভারতের হিমালয়ের পাদদেশের উত্তরাখন্ড রাজ্যের হরিদ্বারের গঙ্গাঘাটে। গত শুক্রবার সুচিত্রা সেনের শেষকৃত্য হওয়ার পর তাঁর চিতাভস্ম নিয়ে আসেন তাঁর মেয়ে মুনমুন সেন। তারপর ওই চিতাভস্ম একটি চাদরে বেঁধে ঝুলিয়ে রাখা হয় বাড়ির সামনের একটি বকুলগাছে। কাল সোমবার এখানে অনুষ্ঠিত হবে সুচিত্রা সেনের পারলৌকিক কাজ। এই পারলৌকিক কাজ সম্পন্ন করবেন মহানায়িকার একমাত্র মেয়ে মুনমুন সেন। তারপর চিতাভস্ম বিসর্জন দেওয়া হবে হরিদ্বারের গঙ্গাঘাটে।
এদিকে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, কেওড়াতলা মহাশ্মশানের যে স্থলে সুচিত্রা সেনকে দাহ করা হয়েছে, সেখানে রাজ্য সরকার সুচিত্রার স্মরণে গড়বে একটি স্মৃতিসৌধ। এ ছাড়া সুচিত্রার বাড়ির সামনের বালিগঞ্জ সার্কুলার রোডের নাম বদলে হবে সুচিত্রা সেন সরণি। আর বালিগঞ্জ ফাঁড়ির নাম হবে সুচিত্রা সেন স্কয়ার। সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।