সুচিত্রা সেনের জন্মদিনে পাবনায় নানা কর্মসূচি
আজ সুচিত্রা সেনের ৭৯তম জন্মদিন। এ উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও পাবনা জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জানা গেছে, সুচিত্রা সেনের প্রথম বিদ্যালয় ছিল শহরের টাউন গার্লস স্কুল। এখান থেকে জন্মদিনের কর্মসূচি শুরু হবে। বিদ্যালয়ের আঙিনায় সুচিত্রা সেনের প্রতিকৃতি উন্মোচন করা হবে। এরপর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।সুচিত্রা সেনের একসময়ের প্রতিবেশী আইনজীবী শফিকুল ইসলাম জানান, ১৯৩১ সালের ৬ এপ্রিল সুচিত্রা সেন বৃহত্তর পাবনার সিরাজগঞ্জের বেলকুচি থানার সলক ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি ছিল পাবনা শহরের দিলালপুর মহল্লায়। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক। সুচিত্রা সেন, তাঁর বাবা-মা, এক ভাই ও তিন বোন ওই বাড়িতে থাকতেন। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় তিনি ছিলেন নবম শ্রেণীর ছাত্রী। ওই সময় তিনি পরিবারের সঙ্গে এই বাড়ি ছেড়ে কলকাতায় চলে যান। এরপর বাড়িটি ছিল সরকারের দখলে। ১৯৮৫ সালে জামায়াত নেতারা বাড়িটি ইজারা নিয়ে ইমাম গাজ্জালী ইনস্টিটিউট নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেন। দীর্ঘদিন ধরে পাবনাবাসী ওই বাড়িটি জামায়াত নেতাদের দখল থেকে মুক্ত করার জন্য আন্দোলন চালিয়ে আসছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক বলেন, ‘যত দিন বাড়িটি জামায়াত নেতাদের দখল থেকে মুক্ত না হবে, তত দিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’