সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবিতে স্মারকলিপি
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবি জানানো হয়েছে প্রবাসীদের পক্ষ থেকে। নিউইয়র্ক সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের কাছে এ-সংক্রান্ত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি অনুষ্ঠানে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি একটি চক্র দখল করে রেখেছে। স্মৃতিবাহী বাড়িটি উদ্ধার করে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়।স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন গোপাল সন্যাল, সিরাজ উদ্দিন সোহাগ, মোহাম্মদ আলী, তৈয়বুর রহমান প্রমুখ। সুচিত্রা সেনের বাড়ি উদ্ধারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রবাসীদের আশ্বস্ত করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায় এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রমা দাশগুপ্ত ওরফে সুচিত্রা সেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতায় স্থায়ী নিবাস গাড়েন। তিনি বিয়ে করেন ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের ছেলে দিবানাথ সেনকে। বাংলা চলচ্চিত্রে অভিনয়ে আসার পর রমা দাশগুপ্ত পরিচিত হন সুচিত্রা সেন নামে। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবি দিয়ে অভিনয়জীবন শুরু করেন সুচিত্রা সেন। তাঁর অভিনীত প্রথম ছবিটি আলোর মুখ না দেখলেও পরবর্তী সময়ে রুপালি পর্দায় রাজত্ব করেছেন গুণী এ অভিনেত্রী। একের পর এক অসাধারণ জনপ্রিয় সব চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ‘সাত পাকে বাঁধা’, ‘দেবী চৌধুরানী’, ‘দীপ জ্বেলে যাই’, ‘মমতা’, ‘সপ্তপদী’, ‘বোম্বাই কা বাবু’, ‘দেবদাস’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘শাপমোচন’, ‘সাগরিকা’, ‘পথে হল দেরি’, ‘রাজলক্ষ্মী’সহ বেশ কয়েকটি বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন সুচিত্রা সেন। মহানায়কখ্যাত অভিনেতা উত্তমকুমারের সঙ্গে জুটি বেঁধে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন উত্তম-সুচিত্রা।সুচিত্রা সেনই বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব থেকে পুরস্কৃত হয়েছেন। ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উত্সব থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। পরবর্তী সময়ে কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার ঝুলিতে ভরেছেন। সুচিত্রা সেন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘প্রণয় পাশা’ মুক্তি পেয়েছে ১৯৭৮ সালে। ১৯৮০ সালে দীর্ঘদিনের স্বজন, বন্ধু ও জুটি উত্তমকুমারের মৃত্যুর পর আকস্মিকভাবেই চলচ্চিত্র জগত্ থেকে নিজেকে গুটিয়ে নেন সুচিত্রা সেন। নিজেকে বাড়ির চার দেয়ালে বন্দী করে ফেলেন তিনি। আজ অবধি নিজেকে আড়ালেই রেখেছেন ৮২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। কোনো এক অজানা কারণে লোকচক্ষুর অন্তরালেই থাকতে চান বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত এ অভিনয়শিল্পী। ২০০৫ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হলেও, তা গ্রহণ করেননি। পুরস্কার নিতে জনসমক্ষে যাবেন না বলেই এমন সিদ্ধান্ত নেন তিনি।