সুচিত্রা সেনের বাসভবনে আসাদুজ্জামান নূর

সুচিত্রা সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের বাসভবনে যান বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার সন্ধ্যায় তিনি বাসভবনে রক্ষিত মহানায়িকার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ এ সময় উপস্থিত ছিলেন সুচিত্রা সেনের একমাত্র মেয়ে মুনমুন সেন ও তাঁর স্বামী ভারত দেববর্মা৷
বাসা থেকে বেরিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘সুচিত্রা সেন ছিলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী৷ তাঁকে শ্রদ্ধা জানাতেই এখানে আমার আসা৷ তাঁর পরিবারের কাছে সমবেদনা জানিয়েছি৷’
আসাদুজ্জামান নূর এখানে ঘণ্টা খানেক সময় কাটান৷ এ সময় মুনমুন সেনের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর আলোচনা হয়৷ আসাদুজ্জামান নূর বলেন, ‘মুনমুন সেন ঢাকায় যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন৷ পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটা পুনরুদ্ধার করে তা সংরক্ষণ করা এবং সেখানে সুচিত্রা সেন স্মৃতি জাদুঘর করার ব্যাপারে অনুরোধ করেছেন৷

বাড়িটা নিয়ে এখন মামলা চলছে৷ আমি তাঁকে সেটা বলেছি৷ এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার পরই আমরা সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷’
সুচিত্রা সেনের বাসায় আসার অনুভূতি আসাদুজ্জামান নূর জানালেন এভাবে, ‘অবশ্যই ভালো লাগছে৷ ওটা একটা ফ্ল্যাট৷ কিন্তু সেখানে পুরোনো বনেদি একটা ব্যাপার আছে৷’
আসাদুজ্জামান নূর এ সময় মুনমুন সেনের হাতে একটি স্মারক তুলে দেন৷