সুচিত্রা সেনের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেছেন বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেন। জীবদ্দশায় ৫২টি বাংলা ও সাতটি হিন্দি ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি মন্ত্রমুগ্ধ করেছেন চলচ্চিত্রপ্রেমী অগণিত দর্শককে। অসাধারণ গুণী এ অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, বিপাশা বাসু, মাধুর ভান্ডারকারসহ বলিউডের একাধিক তারকা ও নির্মাতা। তাঁদের শোকের কথা একত্র করে সুচিত্রাভক্তদের জানিয়েছে এনডিটিভি।

অমিতাভ বচ্চন
সুচিত্রা সেন—সৌন্দর্য, মেধা ও রহস্যঘেরা একটি নাম। তিনি বাংলা চলচ্চিত্র জগৎকে অলংকৃত করেছেন। হিন্দি চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছেন তিনি।
মাধুরী দীক্ষিত
সুচিত্রা সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ভারতীয় চলচ্চিত্র গভীরভাবে আপনার অভাব অনুভব করবে।

শ্রীদেবী

অতুলনীয় অভিনয়শিল্পী, স্বর্গীয় সৌন্দর্যের অধিকারিণী, কিংবদন্তি ও প্রেরণাময়ী সুচিত্রা সেন ভবিষ্যত্ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উত্স হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমি।

বিপাশা বাসু

সত্যিকার সৌন্দর্যের নাম সুচিত্রা সেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের সদস্যরা তীব্র এ শোক কাটিয়ে ওঠার শক্তি পাক।

মনোজ বাজপায়ী

সুচিত্রা সেনের মৃত্যুতে অনেক বেশি শোকাহত। আপনার জীবন ও কর্ম থেকে অনেক কিছু শেখার আছে। আপনার শূন্যতা কখনোই পূরণ হবে না। 

রোহিত রয়

একজন কিংবদন্তি আমাদের ছেড়ে চলে গেলেন। আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

মাধুর ভান্ডারকার

‘দেবদাস, ‘আঁধি’ ও ‘মমতা’ ছবিগুলোতে অসাধারণ অভিনয় আর বাংলা চলচ্চিত্রে গুরত্বপূর্ণ অবদানের কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন সুচিত্রা সেন। তাঁর চলে যাওয়ায় আমি মর্মাহত।

সুজিত সিরকার

সত্যিকারের অনুপ্রেরণার উত্স সুচিত্রা সেন। তারকা খ্যাতি ও চলচ্চিত্রের মায়াবী জগত্ থেকে কীভাবে নিজেকে বিচ্ছিন্ন করতে হয় তার জলজ্যান্ত উদাহরণ তিনি। সত্যিই তাঁর এ অভূতপূর্ব আত্মিক শক্তির কোনো তুলনা হয় না।