সুচিত্রা সেনের শারীরিক অবস্থার আরও অবনতি

সুচিত্রা সেনকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গতকাল শুক্রবার সকালেই চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে সুচিত্রা সেনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাঁকে একটানা অক্সিজেন দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা সারা দিনই প্রতিটি মুহূর্ত ধরে পর্যবেক্ষণ করেছেন।
সন্ধ্যায় কলকাতার বেলভিউ হাসপাতাল থেকে জানানো হয়, সুচিত্রা সেনের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে। বিকেলে তিনি বিছানায় বসে খাবার খেয়েছেন।
জানা গেছে, সুচিত্রা সেনের রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে যাওয়া, শর্করার পরিমাণ বেড়ে যাওয়া আর রক্তচাপ ওঠানামা করার বিষয়গুলো নিয়ে চিকিৎসকেরা শঙ্কিত আছেন। এদিকে খবর পেয়ে শুক্রবার সকালেই হাসপাতালে ছুটে আসেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন।
শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২৩ ডিসেম্বর সুচিত্রা সেনকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে কেবিনে রাখা হলেও পরে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) স্থানান্তর করা হয় তাঁকে। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।