সুচিত্রা সেনের সঙ্গে দেখা করে আপ্লুত মমতা

হাসপাতালে চিকিৎসাধীন সুচিত্রা সেনের সঙ্গে দেখা করে আপ্লুত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রোববার রাতে সুচিত্রা সেনকে দেখে এসে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সুচিত্রা সেনের সঙ্গে কথা বলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কিংবদন্তি এই অভিনেত্রীর সঙ্গে দেখা করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমার কছে এটা আবেগঘন মুহূর্ত।’
সুচিত্রা সেনের অসুস্থতার খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় বেলভিউ হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি সুচিত্রা সেনের অন্তরালে থাকার ইচ্ছাকে সম্মান করে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তাঁকে দেখতে যাননি। শুধু সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন আর চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলে যান। রোববার সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তখন তাঁকে মুখ্যমন্ত্রীর হাসপাতালে আসার খবর জানানো হয়। সুচিত্রা সেন তাঁর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। এরপর চিকিৎসক সুব্রত মৈত্র ফোন করে এ কথা জানান মুখ্যমন্ত্রীকে। সেদিনই মমতা ছুটে যান হাসপাতালে। তিনি সুচিত্রা সেনের সঙ্গে দেখা করেন, তাঁর সঙ্গে কথা বলেন। প্রায় ২৫ মিনিট সুচিত্রার পাশে ছিলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন মুনমুন সেন ও তাঁর মেয়ে রাইমা সেন।
বাসায় ফিরে ফেসবুকে মমতা আরও লিখেছেন, ‘কিংদবন্তি এই অভিনেত্রীর চলচ্চিত্র যে কতবার দেখেছি, তার হিসাব নেই। সুচিত্রা সেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় আসুন প্রার্থনা করি।’