সুচিত্রা সেনের হাতে অস্ত্রোপচার
কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের নিজ ফ্ল্যাটে বাথরুমে পড়ে গিয়ে বাঁ হাতের কবজিতে গুরুতর আঘাত পেয়েছেন সুচিত্রা সেন। তাঁর থুতনিতেও গভীর ক্ষতের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে। হাসপাতালে যেতে রাজি না হওয়ায় বাসায়ই চিকিৎসক এনে সুচিত্রা সেনের থুতনিতে চারটি সেলাই দেওয়া হয়। এক্স-রে করার পর জানা যায়, তাঁর কবজির হাড় সরে গেছে। চিকিৎসকদের মতে, এটি ‘কোলিস ফ্র্যাকচার’।ঘটনার সময় সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন ছিলেন কলকাতার বাইরে। মায়ের দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত কলকাতায় ফিরে আসেন। মেয়ের অনুরোধেই পরে হাসপাতালে যেতে রাজি হন সুচিত্রা সেন। অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার রাতে তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থোপেডিক ও মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই চিকিৎসকেরা সুচিত্রা সেনের হাতে অস্ত্রোপচার করেন। শুক্রবার সারা দিন হাসপাতালে মায়ের পাশে ছিলেন মুনমুন সেন। সুচিত্রা সেনের চিকিৎসক সুব্রত মৈত্র বলেছেন, ‘সুচিত্রা সেনের হাতে অস্ত্রোপচার করা হয়েছে। ওই দুটি চোট ছাড়া তাঁর শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক আছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন, কথা বলছেন। শুক্রবার রাতে তিনি বাসায় ফিরে গেছেন। এখন সুচিত্রা সেনকে বাসায়ই চিকিৎসা দেওয়া হবে। তাঁর সুস্থ হতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে।’হাসপাতালে সুচিত্রা সেনের ভর্তি হওয়ার ব্যাপারটি গণমাধ্যমের কাছে গোপন রাখে কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের বাইরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এদিকে সুচিত্রা সেনের আরোগ্য কামনা করে হাসপাতালে ফুল ও শুভেচ্ছাবার্তা পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।