
গত বছর এই দিনে পৃথিবীর সঙ্গে সব ধরনের লেনদেন মিটিয়েছিলেন সুচিত্রা সেন। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।
এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি উত্তম-সুচিত্রা। রমা সেন যখন সুচিত্রা সেন হয়ে গত শতাব্দীর পঞ্চাশ, ষাট আর সত্তর দশককে সুচিত্রাময় করে তুললেন, তখনো কেউ জানত না এই প্রতিভাবান অভিনেত্রী তাঁর পরবর্তী জীবনে নেবেন স্বেচ্ছানির্বাসন। লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন ১৯৮৯ সালে। এরপর শুধু খুব কাছের মানুষেরাই তাঁকে দেখেছে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি সেই স্বেচ্ছানির্বাসনে থাকা অবস্থায়ই ছেড়েছেন পৃথিবী।
১৯৫৩ সালে চলচ্চিত্রে পা রেখেছিলেন সুচিত্রা সেন। সে বছরই সাড়ে চুয়াত্তর ছবিতে উত্তম-সুচিত্রা জুটির শুরু। এর পরের গল্প তো ইতিহাস। উত্তমকে ছাড়াও বসন্ত চৌধুরী, অশোক কুমার কিংবা সৌমিত্রের সঙ্গে জুটি বেঁধে সুচিত্রা বুঝিয়ে দিলেন, অভিনয়ের ক্যারিশমাটা জানা আছে তাঁর। হিন্দিজগতে দিলীপ কুমার, দেব আনন্দ, অশোক কুমার, ধর্মেন্দ্র ও সঞ্জীব কুমারের সঙ্গেও করলেন মনকাড়া অভিনয়।
৮২ বছর বয়সে প্রয়াণ ঘটেছে সুচিত্রা সেনের। কিন্তু শিল্পপ্রেমী মানুষ তাঁকে মনে রেখেছে একজন সুশ্রী, তরুণ রোমান্টিক নায়িকা হিসেবেই। যে কারও মনে সুচিত্রার যে মুখাবয়ব ভেসে ওঠে, সেটি কোনো বৃদ্ধার নয়। একজন প্রবল ব্যক্তিত্বের রোমান্টিক নায়িকাতেই তিনি স্থির হয়ে আছেন। এখনো।
মৃত্যু দিনে তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধা।