সুচিত্রার চরিত্রে রাইমার ‘না’
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করছেন না তাঁর নাতনি রাইমা সেন। কিছুদিন আগে খবর বেরিয়েছিল, চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের পরবর্তী ছবিতে নানি সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করছেন রাইমা। তবে রাইমা বেঁকে বসায় সবকিছুই গুজবে পরিণত হলো। নানির প্রতি সম্মান দেখাতেই রাইমা এ কাজটি করতে রাজি হননি বলে জানা গেছে। গুজবের পাল্টা উত্তরে রাইমা সাংবাদিকদের বলেন, ‘আমি পর্দায় তাঁর (সুচিত্রা) চরিত্রে অভিনয় করতে চাই না। তিনি কিংবদন্তী অভিনেত্রী। তাঁর স্মৃতি এখনো মানুষের মনে চির অম্লান। তাই তাঁর চরিত্রে অভিনয় করার কোনো মানে নেই।’উল্লেখ্য, গত ৩০ বছর ধরে সুচিত্রা সেন লোকচক্ষুর অন্তরালে আছেন। ১৯৫৫ সালে ‘দেবদাস’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ১৯৬৩ সালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনি মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। পিটিআই