সুচিত্রার পৈতৃক ভিটেবাড়ি জাদুঘর হয়নি

গতকাল ১৭ জানুয়ারি ছিল সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী। তাঁর পৈতৃক ভিটা দেখতে গিয়েছিলাম, তা নিয়েই কিছু বলি।
বলতে হয়, অযত্নে-অবহেলায় পড়ে আছে বাড়িটি। বাড়িটি উদ্ধারের পর থেকে কোনো রকম সংরক্ষণের চেষ্টা নেই। নেই কোনো ব্যানার, সাইনবোর্ড বা বাড়ি চেনার চিহ্ন। ছাদে ফাটল। দরজা-জানালা ভাঙা। রক্ষণাবেক্ষণের চেষ্টা নেই। আর স্মৃতিঘেরা বসতবাড়ির আলাদা যত্ন নেই। মহানায়িকা চলে যাওয়ার তিন বছর হলো, কিন্তু পাবনায় সুচিত্রা স্মৃতি জাদুঘর হলো না।
একতলা দালান। বাইরে-ভেতরে বারান্দা, উঠান, তুলসীতলা, কুয়াপাড়, উঠানের উত্তরে রান্নাঘর—পাবনার এই বাড়ির ভেতরে এখন ঝোপজঙ্গল। দর্শনার্থীদের আসা-যাওয়া নেই অনেক দিন। সবুজ রঙের টিনের গেটে তালা ঝুলছে। বাড়ির সামনের আঙিনায় মৌসুমি ফুল আর শিউলি, টগর, বকুল, কাঠগোলাপের সুখ্যাতি ছিল। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের এই বাড়িতে সুচিত্রা সেন তাঁর বাবা-মা ও ভাইবোনের সঙ্গে শৈশব-কৈশোর কাটিয়েছেন।
সুচিত্রার পরিবার বাড়ি ছেড়ে ওপার বাংলায় চলে গেলে বাড়িটি ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের দখলে চলে যায়। বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এটি সুচিত্রা সেন স্মৃতি জাদুঘর।
সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর। তাঁর গর্ভধারিণী মা ইন্দিরা দাশগুপ্ত।
মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের সঙ্গে ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে সুচিত্রার বিয়ে হয়। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। বিয়ের পর স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান।
এই বাড়িটি উদ্ধার আন্দোলনের শুরু হয় প্রয়াত সাংবাদিক শফিকুল ইসলাম শিবলীর হাত ধরে। তাঁর সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক আরশীর ১৭-২৩ আগস্ট ১৯৯৯ সংখ্যায় প্রথম উচ্চারিত হয় উদ্ধারের প্রসঙ্গ।
বাড়িটি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী–নিয়ন্ত্রিত ইমাম গাজ্জালী ট্রাস্টের দখলে ছিল। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ জুলাই প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি সিলগালা করা হয়।
সুচিত্রা সেন স্মৃতি পরিষদের সভাপতি রাম দুলাল ভৌমিক জানালেন, বাড়িটি দখলমুক্ত করে সেখানে সুচিত্রা সেন সংগ্রহশালা করার দাবিতে এলাকাবাসী ২০০৮ সালে আন্দোলন শুরু করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত বাড়িটি উদ্ধার করা হয়৷ পাবনার জেলা প্রশাসক পরিচালনার দায়িত্ব নিলে আমরা জাদুঘর করতে পারব৷’