সুচিত্রার মৃত্যুতে শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল শুক্রবার পৃথক শোক বিবৃতিতে তাঁরা কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় বলেন, সুচিত্রা সেনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সিনেমার একটি যুগের অবসান হলো।
প্রধানমন্ত্রী নিজেকে সুচিত্রা সেনের ভক্ত উল্লেখ করে শোকবার্তায় বলেন, সুচিত্রা সেনের মৃত্যুতে বাঙালি জনগণ শাশ্বত এক বাঙালি কন্যা, জায়া ও জননীর প্রতিভূকে হারাল।
বিএনপির চেয়ারপারসন বলেন, উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনে সুচিত্রা সেন ছিলেন এক চির অস্তিত্বমান উজ্জ্বল জ্যোতিষ্ক। অনন্য গুণী এই শিল্পী অভিনয় জাদুর পরশে চলচ্চিত্রানুরাগী মানুষকে মন্ত্রমুগ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন।
স্পিকার তাঁর শোকবার্তা বলেন, সুচিত্রার অতুলনীয় ও অনবদ্য অভিনয়শৈলী বাংলা ভাষাভাষী মানুষের মনে চিরজাগরূক হয়ে থাকবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণকারী এই মহানায়িকা বাংলা চলচ্চিত্রশিল্পে যে অবদান রেখে গেছেন, তা চিরকাল অম্লান হয়ে থাকবে।
এ ছাড়া জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে ঐক্য ন্যাপ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাতীয় গণতান্ত্রিক লীগ, সেলিম আল দীন স্মৃতি পরিষদ, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল।