সুচিত্রার সিনেমার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন তো সিনেমা মানেই রঙিন। এই ছবিটি সাদা-কালো। অনেক দিন আগের। তবুও সন্ধ্যায় প্রদর্শনী শুরুর আগেই মিলনায়তন ভরা দর্শক। সুচিত্রা-উত্তমের শিল্পী দেখতে এসেছিলেন তাঁরা। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শিল্পী দিয়েই শুরু হয়েছে ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’ শীর্ষক ১০ দিনের বিশেষ চলচ্চিত্র উৎসব।
সুচিত্রা-উত্তমের সিনেমার প্রতি বাঙালি দর্শকের রয়েছে বিশেষ অনুরাগ। উত্তমকুমার নেই, সুচিত্রা সেনও জীবনের স্বাভাবিক নিয়মে বার্ধক্যে উপনীত। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ। অগণিত অনুরাগীর এই প্রিয় শিল্পী দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনায় গতকাল থেকে শুরু হয়েছে সুচিত্রা-উত্তম অভিনীত ১০টি সিনেমার এই বিশেষ প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমী আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। উপস্থিত ছিলেন একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। এই প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ছয়টায়।
উদ্বোধনী দিনে ছিল শিল্পী। আজ প্রদর্শিত হবে সবার উপরে। এরপরের সিনেমাগুলো হলো—পথে হলো দেরি, সপ্তপদী, একটি রাত, হারানো সুর, সাঁঝের প্রদীপ, সাড়ে চুয়াত্তর ও ওরা থাকে ওধারে।
গ্রন্থ প্রকাশনা
বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে বিলকিস রহমানের গবেষণাগ্রন্থ উনিশ শতকে বাংলায় নারীপুরুষ সম্পর্ক। আগামীকাল শুক্রবার গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান হবে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে বিকেল চারটায়। মোড়ক উন্মোচন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ আনিসুজ্জামান।