সুচিত্রার সেরা ১৫

সাড়ে চুয়াত্তর (১৯৫৩)
নির্মল দে পরিচালিত সাড়ে চুয়াত্তর বাংলা ছবির সর্বকালের অন্যতম সেরা কমেডিগুলোর একটি। অন্নপূর্ণা বোর্ডিংয়ে একঝাঁক পুরুষের মধ্যে রমলার (সুচিত্রা) চলে আসা নিয়েই জন্ম হয় নানা হাসির ঘটনা। জন্ম নেয় একটি প্রেমকাহিনিও!
অগ্নিপরীক্ষা (১৯৫৪)
কৈশোরেই তাপসির (সুচিত্রা) সঙ্গে বিয়ে হয় বুলুর। এর পরই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন। তাপসি ছুটি কাটাতে যায় পাহাড়ে। সেখানেই তার সঙ্গে পরিচয় ও প্রেম হয় কীর্তির (উত্তম)। কিন্তু নিজের অতীত বারবার তিরের মতো ছুটে এসে বিদ্ধ করে তাপসিকে।
দেবদাস (১৯৫৪)
শরৎচন্দ্রের দেবদাস পরিচালক বিমল রায়ের হাত ধরে উঠে আসে রুপালি পর্দায়। হিন্দি এ ছবিতে পারুর চরিত্রে অভিনয় করেন সুচিত্রা।
সাগরিকা (১৯৫৬)
গ্রামের গরিব ঘরের মেধাবী ছাত্র অরুণ (উত্তম)। কলেজেই সাগরিকার (সুচিত্রা) প্রেমে পড়ে অরুণ। অরুণের ছাত্রী শিপ্রা তাতে বাদ সাধে। ভুল বোঝাবুঝির কারণে অভিমানহত অরুণ ফিরে আসে গ্রামে। এক দুর্ঘটনায় অরুণ অন্ধ হলে সাগরিকা নেয় সেবার ভার।
হারানো সুর (১৯৫৭)
দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলে অলক। চিকিৎসক রমা তাকে সেরে তোলে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় অলক। কিন্তু হারিয়ে ফেলা স্মৃতির সঙ্গে সঙ্গে কি হারিয়ে যাবে অলক-রমার প্রেম?
ইন্দ্রানী (১৯৫৮)
বাবার অমতে ইন্দ্রানী বিয়ে করে রাজীবকে। সুখের সংসারে অশান্তির উঁকিঝুঁকি শুরু হয় যখন ইন্দ্রানি স্কুলে চাকরি পায়, আর রাজীব বেকার জীবনযাপন করে। দেখা দেয় ব্যক্তিত্বের সংঘাত।
দীপ জ্বেলে যাই (১৯৫৯)
মানসিক হাসপাতালের সেবিকা রাধা (সুচিত্রা)। প্রধান চিকিৎসকের নির্দেশে রোগীদের ভালো করে তুলতে রাধা তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে। কিন্তু রাধা প্রেমে পড়ে যায় রোগী হিসেবে সেই হাসপাতালে আসা তাপসের (বসন্ত চৌধুরী)। তাপস সুস্থ হয়ে ফিরে যায়, কিন্তু এবার ভারসাম্য হারিয়ে ফেলে রাধা।
চাওয়া পাওয়া (১৯৫৯)
যাত্রিক পরিচালিত কমেডি ছবির গল্পে দেখা যায় এক তরুণ ধনী পরিবারের এক মেয়ের প্রেমে পড়ে যায়, যে মেয়েটিকে আসলে তার নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা।
সপ্তপদী (১৯৬১)
বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সেরা এই ছবি। যে গল্পে দেখানো হয়েছে দুজন তরুণ-তরুণী একে অন্যের গভীর প্রেমে নিমজ্জিত। কিন্তু তারা আলাদা হয়ে যায়। জীবন নদীর অনেক বয়ে চলা শেষে আবার দুজনে মেলে একই মোহনায়।
সাত পাকে বাঁধা (১৯৬১)
অজয় করের এই ছবির গল্পে দেখানো হয়েছে বিয়ের পর একজোড়া দম্পতি যেসব কঠোর বাস্তবতা ও বাধার মুখোমুখি হয়।
উত্তর ফাল্গুনী (১৯৬৩)
অসিত সেনের এই ছবির গল্প দেবযানীকে নিয়ে, যে কি না বাইজির জীবন বেছে নিতে বাধ্য হয়। এই জীবনের দুর্বিপাকে যেন না পড়ে, এ কারণে নিজের মেয়েকে সাবেক প্রেমিকের কাছে পাঠিয়ে দেয়। অবশেষে জীবন থেকে মুক্তি পেতে খুন করে স্বামীকে।
আলো আমার আলো (১৯৭১)
পিনাকি ভূষণ মুখার্জির এই ছবির গল্পে দেখানো হয়েছে সমাজসেবকের মুখোশে এই নারীবাজ তরুণ এবং কন্যা দায়গ্রস্ত দরিদ্র বাবার পাঁচ কন্যার এক কন্যার অসম প্রেম।
দেবী চৌধুরাণী (১৯৭৪)
দিনেন গুপ্তর এই ছবিটির কাহিনি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাসের গল্প থেকে।
আঁধি (১৯৭৫)
বিচ্ছিন্ন এক বিবাহিত যুগলের গল্প নিয়ে ছবিটি। যে গল্পে দেখা যায়, বহু বছর পর এই দুজনের আবার একসঙ্গে হওয়াটা একই সঙ্গে হূদয়বেদনা ও জটিলতার জন্ম দেয়।
দত্তা (১৯৭৬)
অজয় করের ছবিটির গল্প নেওয়া হয়েছে অভিন্ন নামের শরৎচন্দ্রের উপন্যাস থেকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া