সুচিত্রার স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মহাপ্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আজ শুক্রবার স্মরণসভার আয়োজন করেছে।
বিকেল সাড়ে পাঁচটায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি, অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী এবং পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচনা পর্বের শেষে থাকবে সুচিত্রা সেন অভিনীত উত্তর ফাল্গুনী চলচ্চিত্রের প্রদর্শনী। ৮ জানুয়ারি থেকে ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’ শীর্ষক সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী চলছে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। প্রদর্শনী শুরু হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ছয়টায়। কাল শনিবার দেবদাস (হিন্দি) প্রদর্শনীর মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সুচিত্রার সিনেমা ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী সুচিত্রা সেনের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে। গুলশানে কেন্দ্রের পাঠাগার মিলনায়তনে এ প্রদর্শনীতে গতকাল সন্ধ্যায় সপ্তপদী সিনেমাটি প্রদর্শিত হয়। প্রদর্শনীর আগে সুচিত্রা সেনকে নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অভিনয়শিল্পী রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
আজ শুক্রবার তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সকাল ১০টায় উত্তর ফাল্গুনী, বিকেল চারটায় সাত পাকে বাঁধা এবং সন্ধ্যা পৌনে সাতটায় আঁধি। শনিবার সমাপনী দিনে সকাল ১০টায় দেবদাস ও বিকেল তিনটায় পথে হলো দেরি প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।