সুজান-অর্জুন বন্ধুত্বে ফাটল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজানের সঙ্গে অর্জুন
সুজানের সঙ্গে অর্জুন

১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হৃতিক রোশন ও সুজান রোশন। তাঁদের বিচ্ছেদের পেছনে বলিউডের অভিনেতা অর্জুন রামপালের সম্পৃক্ততার খবর চাউর হলেও বিষয়টি অস্বীকার করেছেন অর্জুন ও সুজান দুজনই। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, অনেকদিন থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ইদানীং সুজানের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন অর্জুন রামপাল ও তাঁর স্ত্রী মেহের।

বছরের পর বছর ধরে হৃতিক-সুজানের খুবই কাছের বন্ধু ছিলেন অর্জুন ও মেহের। কিন্তু হৃতিকের সঙ্গে সুজানের বিচ্ছেদে অর্জুনের দিকে অভিযোগের আঙুল ওঠায় তাঁদের বন্ধুত্বে নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে সুজানকে এড়িয়ে চলার চেষ্টা করছেন অর্জুন ও মেহের।

এ প্রসঙ্গে সুজান ও অর্জুনের কাছের একজন বন্ধু জানিয়েছেন, বরাবরই সুজানের সঙ্গে বর্ষবরণ উত্সবে মেতে উঠতে দেখা গেছে অর্জুন ও মেহেরকে। এ বছরও এমনটা হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এবার তেমনটা ঘটেনি। আসলে অর্জুন ও মেহের ইচ্ছে করেই সুজানের সঙ্গে দূরত্ব রেখে চলার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই হৃতিক-সুজান বিচ্ছেদের গুঞ্জন চলছিল। শুরুতে অস্বীকার করলেও গত ১৩ ডিসেম্বর বিচ্ছেদের খবর নিশ্চিত করেন হৃতিক। পরে বিষয়টি নিয়ে সুজানও মুখ খোলেন।

হৃতিক-সুজান বিচ্ছেদের খবর জনসমক্ষে প্রকাশিত হওয়ার পর তাঁদের বিচ্ছেদের পেছনে অর্জুন রামপালের হাত রয়েছে বলে খবর চাউর হয়। অবশ্য বিষয়টিকে অস্বীকার করেন অর্জুন।
এ প্রসঙ্গে অর্জুনের ভাষ্য ছিল, ‘হৃতিক ও সুজান দুজনই আমার খুব কাছের বন্ধু। কাছের কেউ যখন বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, তখন এমনিতেই মনটা অনেক খারাপ হয়ে যায়। এই মুহৃর্তে জীবনের কঠিনতম সময় পার করছে হৃতিক ও সুজান। এ অবস্থায় অযথা ভিত্তিহীন গুজব ছড়ানোর কোনো মানে হয় না। তাদের বিচ্ছেদে আমার সম্পৃক্ততা নিয়ে আজেবাজে কেচ্ছা-কাহিনি রটানো হচ্ছে। এটা আমাকে খুবই মর্মাহত করেছে। হৃতিক-সুজানের এই কঠিন সময়ে আমি ও আমার স্ত্রী মেহের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। বরাবরের মতো এখনো আমরা তাদের পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’

পরে অর্জুনের পক্ষে সাফাই গান সুজানও। তিনি বলেন, ‘হৃতিক ও আমার খুবই কাছের একজন বন্ধু অর্জুন। আমাদের বন্ধুত্বের বন্ধন অনেক বেশি দৃঢ়। অযথাই কাউকে দোষারোপ করার বিষয়টি একদমই অনুচিত একটি কাজ।’ বিচ্ছেদের প্রকৃত কারণ জানতে চাইলে সুজানের সোজাসাপ্টা জবাব ছিল, ‘অনেক সময় কোনো কারণ ছাড়াই অনেক কিছু ঘটে যায়। পরিস্থিতিই মানুষকে বাধ্য করে অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত নিতে। বিচ্ছেদের কারণ নিয়ে আমি স্পষ্ট করে কিছু বলতে চাই না। কারণ আমি নিজেও একজন মা ও মেয়ে।’